রিয়াল মাদ্রিদের কাছে হারের পর এল ক্লাসিকোর আলোচনার কেন্দ্রে শুধু ফল নয়, ছিলেন লামিন ইয়ামাল। ম্যাচের আগের মন্তব্যের জন্য যেমন বিতর্কে জড়িয়েছিলেন, তেমনি মাঠেও ছিলেন ম্লান। তবে এই অভিজ্ঞতা থেকে তরুণ বার্সেলোনা ফরোয়ার্ডের শেখার অনেক কিছু আছে।
১৮ বছর বয়সী ইয়ামাল প্রথমবারের মতো বুঝলেন, স্পেনের ফুটবল মহাযুদ্ধ ‘এল ক্লাসিকো’-তে একটি শব্দও কত বড় আলোড়ন তুলতে পারে। ম্যাচের আগের এক সোশ্যাল মিডিয়া লাইভে মজার ছলে তিনি বলেছিলেন, “রিয়াল মাদ্রিদ চুরি করে আর অভিযোগ তোলে।” সেই মন্তব্যেই ক্ষেপে যায় মাদ্রিদভক্তরা। সান্তিয়াগো বার্নাব্যুর দর্শকরা তাকে ম্যাচজুড়ে উসকানি দেন।
রিয়াল মাদ্রিদের ২–১ জয়ের পর ডানি কারভাহালের নেতৃত্বে মাদ্রিদ খেলোয়াড়রা ইয়ামালের দিকে এগিয়ে গিয়ে প্রতিবাদ জানান। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়।
বার্সেলোনার সহকারী কোচ মার্কাস সর্গ, যিনি নিষিদ্ধ হানসি ফ্লিকের বদলে দায়িত্বে ছিলেন, বলেছেন—“হয়তো পরিবেশটা তাকে প্রভাবিত করেছে। দর্শকের শিষ, বাঁশি, এসব সামলানো এখনো তার শেখার পর্যায়ে আছে।”
ইয়ামাল সাম্প্রতিক চোট থেকে ফিরেছেন, তাই ফিটনেসেও পুরোপুরি ছিলেন না। সর্গ বলেন, “সে ইনজুরি থেকে ফিরেছে, তাকে আরও ছন্দে ফিরতে হবে। এখন প্রতিপক্ষরা তার বিরুদ্ধে দুইজন ডিফেন্ডার দিয়ে খেলে। তার শেখার আরও অনেক কিছু বাকি।”
ম্যাচে ইয়ামাল ছিলেন বেশ ফ্যাকাশে—প্রায় কোনো আক্রমণাত্মক একক প্রচেষ্টাই ছিল না তার। ফলে বার্সা বড় ব্যবধানে ম্যাচ নিয়ন্ত্রণে নিতে পারেনি।
তবে রিয়াল মাদ্রিদের জুড বেলিংহাম ম্যাচের পর ইনস্টাগ্রামে লিখেছেন, “Talk is cheap” (কথায় নয়, কাজে প্রমাণ দাও), যা স্পষ্টতই ইয়ামালের উদ্দেশে।
বার্সেলোনার মিডফিল্ডার ফ্রাংকি ডি ইয়ং বিষয়টি নিয়ে বলেন, “কারভাহাল যদি ইয়ামালের সঙ্গে কিছু বলতে চাইত, ব্যক্তিগতভাবে বলতে পারত। তারা তো স্পেনের সতীর্থ, মাঠে এমন দৃশ্য তৈরি করার দরকার ছিল না।”
অন্যদিকে রিয়ালের মিডফিল্ডার অরেলিয়েন চুয়ামেনি বিষয়টিকে হালকাভাবে নেন: “ওগুলো শুধু কথা। এতে খারাপ কিছু নেই, বরং একটু বাড়তি অনুপ্রেরণা দেয়।”
গত এক বছরে ইউরো জেতা ও ট্রেবল জয় ইয়ামালের জন্য এটি নতুন অভিজ্ঞতা। এই সাফল্যের পর বার্সেলোনা তার সঙ্গে প্রতি বছর ১ কোটি ৬৬ লাখ ইউরো বেতনে চুক্তি করে। আর তার পর থেকে মাঠের বাইরে নানা বিতর্কিত কান্ডে জড়িয়ে পড়েন ইয়ামাল। এমন অবস্থায় এল ক্লাসিকোতে হার তার জন্য কঠিন কিন্তু প্রয়োজনীয় পাঠ হয়ে থাকবে—মাঠে যেমন, মাঠের বাইরেও কেমন ভারসাম্য রাখতে হয়, তা হয়তো এখন বুঝতে পারছেন তরুণ তারকা।
বিশ্বকাপে এক ম্যাচ জিতেই সাড়ে তিন কোটি টাকা প্রাইজমানি পাচ্ছেন জ্যোতিরা
সান্তোস নাকি মেসির সঙ্গে মায়ামি- কি করবেন নেইমার