এবারের নারী ওয়ানডে বিশ্বকাপে একটা দিক থেকে বাংলাদেশ ছিল সবচেয়ে সৌভাগ্যবান। টুর্নামেন্টে তারাই ছিল একমাত্র দল, যাদের কোনো ম্যাচ বৃষ্টির কবলে পড়েনি।
তবে নাভি মুম্বাইয়ে শেষ ম্যাচে তাদেরকেও ছাড়েনি বৃষ্টি। যদিও ম্যাচের ফল ও টুর্নামেন্টে নিজেদের অবস্থান বিবেচনায় আকাশের এই আর্তনাদকেই সৌভাগ্যের বাহক ভেবে নিতে পারে নিগার সুলতানার দল।
বৃষ্টির বাগড়ায় স্বাগতিক ভারতের বিপক্ষে নিশ্চিত পরাজয় দেখতে থাকা ম্যাচটায় যে হার এড়িয়েছে বাংলাদেশ দল! বিশ্বকাপে মাত্র একটি জয় নিয়ে আসর থেকে বিদায় নিয়েছে নিগার সুলতানা জ্যোতিরা। একাধিক ম্যাচে জয়ের সুযোগ তৈরি হলেও তা হাতছাড়া হওয়ায় পাকিস্তানের বিপক্ষে পাওয়া সেই একমাত্র জয়কে সঙ্গী করেই দেশে ফিরছেন জ্যোতিরা।
ওই এক ম্যাচ জিতেই ৩ কোটি ৪৩ লাখ টাকার প্রাইজমানি পাচ্ছে বাংলাদেশ দল। এবারের নারী ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে নজির স্থাপন করেছে প্রাইজমানির দিক থেকে। টুর্নামেন্টের মোট প্রাইজমানি ১৬৮ কোটি ১৫ লাখ টাকা, যা মেয়েদের যেকোনো বৈশ্বিক টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ।
২০২৫ নারী বিশ্বকাপে প্রাইজমানির পরিমাণ ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত পুরুষ ওয়ানডে বিশ্বকাপের মোট প্রাইজমানি (১২১ কোটি ৭৪ লাখ টাকা) থেকেও বেশি। এছাড়া ২০২২ নারী ওয়ানডে বিশ্বকাপের তুলনায় এবার মোট প্রাইজমানি বেড়েছে ২৯৭ শতাংশ। আগামী ২ নভেম্বরের ফাইনালের বিজয়ী দল পাবে ৫৪ কোটি ২৬ লাখ টাকা, যা মেয়েদের ফুটবলের বিশ্বচ্যাম্পিয়ন দলের চেয়েও ২ কোটি ২৯ লাখ টাকা বেশি।
নারী ওয়ানডে বিশ্বকাপে গ্রুপ পর্বে এক ম্যাচ জেতার সুবাদে বাংলাদেশ দল পাবে ৪১.৫৬ লাখ টাকা। এর সঙ্গে অংশগ্রহণকারী দল হিসেবে তারা পাচ্ছে ৩ কোটি ২ লাখ টাকা। অর্থাৎ, অংশগ্রহণ ও এক ম্যাচ জয়ের কারণে এবারের বিশ্বকাপ থেকে বাংলাদেশ নারী ক্রিকেট দল মোট ৩ কোটি ৪৩ লাখ ৫৬ হাজার টাকা প্রাইজমানি পাচ্ছে।
ক্যাচ ধরতে গিয়ে মারাত্মক চোটে হাসপাতালের আইসিইউতে ভারতীয় ক্রিকেটার শ্রেয়াস আইয়ার