যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ধান রাখার একটি গোলাঘর থেকে পিস্তল উদ্ধার করা হয়েছে। এ সময় আতাউর রহমান নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে উপজেলার দৌলতপুর গ্রামের উত্তরপাড়া থেকে তাকে আটক করা হয়।
আটক আতাউর রহমান (৩৭) ওই এলাকার সোলাইমান হোসেনের ছেলে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঢটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার জানান, খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধীনে দৌলতপুর বিওপির একটি দল গোপন খবর পেয়ে দৌলতপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় ওই গ্রামের উত্তরপাড়ায় একটি বাড়ির ধানঘর তল্লাশি করে একটি অস্ত্র উদ্ধার করা হয়। একই সময় সেখান থেকে যবুক আতাউর রহমানকে আটক করে বিজিবি সদস্যরা। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।
