ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি নারায়ণ চন্দ্র সরকার (৬৬ ) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় তাকে কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে কারারক্ষিরা অচেতন অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসে। এরপর চিকিৎসক পরিক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ওই ব্যক্তি হাজতি হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তার মামলার বিবরণ জানা যায়নি। তার বাবার নাম কুঞ্জ বিহারী সরকার।
