আগামী নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এটাই হবে দুই দেশের ইতিহাসে প্রথম সাক্ষাৎ। তার চেয়েও বড় কথা হলো, আর্জেন্টিনা দলের সাথে থাকবেন কিংবদন্তি লিওনেল মেসি। এই ম্যাচ আয়োজনের জন্য অ্যাঙ্গোলার ফুটবল ফেডারেশনকে গুনতে হচ্ছে বিশাল অঙ্কের অর্থ। প্রায় ১২ মিলিয়ন ইউরো।
আফ্রিকান স্পোর্ট নিউজ আফ্রিকার তথ্য অনুযায়ী, নভেম্বরের ১৪ তারিখ লুয়ান্ডার এস্তাদিও নাসিওনাল ১১ দে নভেমব্রো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই প্রীতি ম্যাচটি। মেসির উপস্থিতি নিশ্চিত করতেই এত বিপুল অর্থ দিতে রাজি হয়েছে আয়োজকরা। দেশটির স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে এই ম্যাচকে ঘিরে অ্যাঙ্গোলায় চলছে ব্যাপক প্রস্তুতি।
এর আগে অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। নভেম্বর উইন্ডোতে নতুন প্রতিপক্ষ খুঁজছিল লিওনেল স্কালোনির দল। শেষ পর্যন্ত অ্যাঙ্গোলা সুযোগটা লুফে নেয়, যদিও এর জন্য দিতে হচ্ছে বিপুল অর্থ।প্রায় ৪৮ হাজার দর্শক ধারণক্ষমতার মাঠে টিকিট বিক্রি শুরু হতেই সোল্ড আউট হয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
এর আগে আর্জেন্টিনার ভারত সফরের পরিকল্পনা ছিল। কেরালায় ম্যাচ আয়োজনের কথাও চলেছিল। কিন্তু অজানা কারণে সেটা বাতিল হয়ে যায়। এছাড়া মরক্কোও শেষ মুহূর্তে প্রীতি ম্যাচ আয়োজনের আগ্রহ দেখায়, তবে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ম্যাচ ফি হিসেবে ১০ মিলিয়ন ইউরো দাবি করায় সেই প্রস্তাবও বাস্তবায়িত হয়নি। নভেম্বরে তাই শুধুই অ্যাঙ্গোলার বিপক্ষেই মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা।
টুর্নামেন্টজুড়ে কেঁদেছিলেন, অবশেষে সবাইকে কাঁদালেন জেমিমা
লিটনদের আজ সান্তনার জয় নাকি হোয়াইটওয়াশের লজ্জা