ভিনিসিয়ুসের সঙ্গে সব মিটমাট হয়ে গেছে রিয়ালের, জানালেন জাবি আলোনসো

আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০৫:০০ পিএম

রিয়াল মাদ্রিদের এল ক্লাসিকো জয়ের পর ভিনিসিয়ুস জুনিয়রের আচরণে তৈরি হওয়া বিতর্কে অবশেষে মুখ খুলেছেন কোচ জাবি আলোনসো। তিনি জানিয়েছেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না এবং বিষয়টি এখন “পুরোপুরি শেষ।”

বার্সেলোনার বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচে ৭২ মিনিটে পরিবর্তন করা হলে ভিনিসিউস ক্ষোভে মাঠ ছাড়েন। আলোনসোর সিদ্ধান্তে অসন্তুষ্ট ভিনিসিয়ুস সোজা টানেলে চলে যান, যা নিয়ে রিয়াল শিবিরে শুরু হয় তুমুল আলোচনা।

তবে দুই দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লাব, সতীর্থ, সমর্থক এবং প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনোর পেরেজের উদ্দেশে ক্ষমা প্রার্থনা করেন ভিনিসিয়ুস—যদিও সেখানে আলোনসোর নাম উল্লেখ করেননি।

এ নিয়ে শুক্রবার সংবাদ সম্মেলনে আলোনসো বলেন, “বুধবার আমরা সবাই মিলে বসেছিলাম। ভিনি দারুণভাবে কথা বলেছে, আন্তরিক ছিল। সে হৃদয় থেকে বলেছে। আমি এতে খুব সন্তুষ্ট, আর আমার কাছে তখনই বিষয়টি শেষ হয়ে গেছে।”

আলোনসো আরও বলেন, “ওর বিবৃতিটা ছিল খুবই মূল্যবান ও ইতিবাচক। সে সততা দেখিয়েছে, ক্লাবের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে সতীর্থ ও সমর্থকদের প্রতি বার্তা দিয়েছে। বুধবার থেকেই আমরা এগিয়ে যাচ্ছি, এখন কেবল পরের ম্যাচ নিয়ে ভাবছি।”

রিয়াল মাদ্রিদ জানিয়েছে, এই ঘটনা নিয়ে কোনো অভ্যন্তরীণ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। আলোনসো নিশ্চিত করেছেন, ভিনিসিয়ুস শনিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুত। “আমরা ভালো অনুশীলন করেছি, ভিনি ভালো আছে। সবাই একই দিকেই এগোচ্ছি… আমাদের সামনে গুরুত্বপূর্ণ ম্যাচ, কোনো শাস্তি হচ্ছে না,” বলেন আলোনসো।

ভিনিসিয়ুসের সঙ্গে আলোনসোর সম্পর্ক নিয়ে গণমাধ্যমে গুঞ্জন চলছে। রিপোর্ট অনুযায়ী, এই মৌসুমে তিনটি ম্যাচে তাকে বেঞ্চে বসিয়ে রেখেছিলেন কোচ, এমনকি ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালেও প্রথম একাদশ থেকে বাদ দেওয়ার পরিকল্পনা ছিল। তবে আলোনসো জোর দিয়ে বলেন, “ভিনি খুব মনোযোগী। সে বার্সার বিপক্ষে দারুণ খেলেছে, জুভেন্তাস ও গেতাফের বিপক্ষেও ভালো পারফর্ম করেছে। আমরা আশা করছি, কালও সে একইভাবে খেলবে।” 

তিনি আরও যোগ করেন, “আমি বিশ্বাস করি, একজন কোচ হিসেবে সততা ও সরাসরি যোগাযোগই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবার সঙ্গে সম্মানজনক সম্পর্ক রাখতে হয়, কিন্তু সবাই এক রকম নয়। এখানেই মানসিক বুদ্ধিমত্তার প্রয়োজন।”

এদিকে ক্লাসিকো জয়ের পর রিয়াল মাদ্রিদের জন্য একমাত্র দুঃসংবাদ—দীর্ঘদিন পর ফিরে আসা অধিনায়ক দানি কারভাহাল আবারও চোট পেয়েছেন। আলোনসো জানিয়েছেন, তাকে অন্তত সাত থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত