নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিজওয়ান (১৯) নামের এক অটোরিকশা চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বিজয়নগরের নতুন সড়কের পাশের ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রিজওয়ান বারদী ইউনিয়নের ভটেরপাড়া গ্রামের মনির হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে স্থানীয়রা ঝোপে রক্তাক্ত মরদেহটি দেখতে পান। মরদেহের প্রায় ২০০ গজ দূরে তার অটোরিকশাটি পড়ে ছিল। অটোরিকশার ভেতরে তিনটি জুতা ও রক্তের দাগ পাওয়া গেছে। স্থানীয়দের ধারণা, অটো ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটেছে।
নিহতের বাবা মনির হোসেন বলেন, কয়েকদিন আগেই ছেলেকে নতুন অটো কিনে দিয়েছিলাম। প্রতিদিনের মতো আজ সকাল ৭টার দিকে রিজওয়ান অটো নিয়ে বের হয়। এরপর সোয়া ১১টার দিকে তার মৃত্যুর খবর পাই।
তালতলা ফাঁড়ির এসআই সেলিম জানান, আমরা মরদেহ উদ্ধার করেছি। অটোতে তিনটি জুতা পাওয়া গেছে। বিস্তারিত তদন্ত শেষে বলা যাবে।
