জন্মদিনে চমক দেখালেন  শাহরুখ খান

আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০১:৪৬ পিএম

বলিউড বাদশা শাহরুখ খানের ৬০তম জন্মদিন আজ ২ নভেম্বর। প্রতিবছর এই দিনে নায়কের বান্দ্রার সমুদ্রমুখী সাদা বাংলো মান্নাতের সামনে থাকে ভক্ত-অনুরাগীদের ভিড়। কারণ এই বাড়ির বারান্দায় দাঁড়িয়ে ভক্তদের দেখা দেন কিং খান। নানা চমক থাকছে শাহরুখের জন্মদিনে। ইতিমধ্যেই ভক্তদের পক্ষ থেকে নানা আয়োজন শুরু হয়ে গেছে। ধারণা করা হয়েছিল জন্মদিনে নতুন ঘোষণা দেবেন এই সুপারস্টার। সেই ধারণাকে বাস্তবে পরিণত করে বিশেষ দিনে অফিশিয়াল ঘোষণা এলো শাহরুখের আসন্ন সিনেমা ‘কিং’-এর। 

রবিবার সকালে অন্তর্জালে উন্মুক্ত হয়েছে সিনেমাটির অ্যানাউন্সমেন্ট টিজার। ১ মিনিট ১৩ সেকেন্ডের টিজার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় বইয়ে দিয়েছে। টিজারটি পোস্ট করে শাহরুখ লিখেছেন, ‘শত দেশে বদনাম হয়েছে, দুনিয়া একটাই নাম দিয়েছে— ‘‘কিং’’। সময় এসে গেছে। দেখা হবে ২০২৬ সালে প্রেক্ষাগৃহে।’ 

টিজারের শুরুতেই শাহরুখের কণ্ঠে শোনা যায়, ‘কতটা খুন করেছি, মনে নাই। ভালো লোক না খারাপ লোক— কখনো জিজ্ঞেস করিনি।’ এই এক লাইনেই যেন ফিরিয়ে আনল ডন, রাইস আর জাওয়ানের সেই কিংবদন্তি ভঙ্গি। ফার্স্ট লুকেই শাহরুখকে দেখা গেছে স্টাইলিশ উপস্থিতিতে। 

‘কিং’ পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ, যিনি এর আগেও পাঠান ও ওয়ার দিয়ে দর্শক মাতিয়েছেন। সিনেমাটিতে শাহরুখ ছাড়া আরো অভিনয় করেছেন দীপিকা পাডুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসি, অভয় ভার্মা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত