২৬ কেজির পাঙাশ ৭০ হাজারে বিক্রি

আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০৫:২২ পিএম

রাজবাড়ীর পদ্মা নদীতে ধরা পড়েছে ২৬ কেজি ওজনের একটি পাঙাশ মাছ। রবিবার ভোরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া অংশের পদ্মানদীতে মাছটি ধরা পড়ে। পরে মাছটি স্থানীয় মৎস্য ব্যবসায়ী কুষ্টিয়ার এক প্রবাসীর কাছে ৭০ হাজার ২০০ টাকায় বিক্রি করেন।

জানা যায়, রাজবাড়ী সদর উপজেলার ধাওয়াপাড়া ঘাট এলাকার বাসিন্দা সোনাই হালদার শনিবার রাতে দৌলতদিয়া কলাবাগান এলাকায় পদ্মানদীতে জাল ফেলেন। ভোরে তিনি জাল উঠাতেই বড় আকৃতির মাছটি ধরা পড়ে। তারপর মাছটি তিনি ফেরিঘাটের শাকিল সোহান মৎস্য আড়তে নিয়ে যান। সেখান থেকে মৎস্য আড়তের ব্যবসায়ী শাহজাহান শেখ মাছটি উন্মুক্ত নিলামের মাধ্যমে ২ হাজার ৬০০ টাকা কেজি দরে কিনে নেন। সেটি পরবর্তীতে তিনি ২ হাজার ৭০০ টাকায় বিক্রি করেন।

মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, মৎস্য আড়তে প্রায়ই বড় আকারের মাছ নিয়ে আসেন জেলেরা। আজ ২৬ কেজি ওজনের একটি পাঙাশ মাছ নিয়ে এসেছিলেন এক জেলে। মাছটি আমি ২ হাজার ৬০০ টাকায় কিনে কুষ্টিয়া জেলার এক অস্ট্রেলিয়া প্রবাসীর কাছে ২ হাজার ৭০০ টাকায় বিক্রি করি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত