আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্প

আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ০৯:৩১ এএম

আফগানিস্তানের উত্তরাঞ্চলে আবারও আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। যুক্তরাষ্ট্রের ভূতাত্তিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রবিবার ও সোমবারের মধ্যরাতে হিন্দু কুষ পর্বতমালার খোলম এলাকার কাছে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল মাজার-ই-শরীফ শহরের অদূরে, ভূমি থেকে প্রায় ২৮ কিলোমিটার গভীরে।

রাজধানী কাবুল থেকেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছেন বার্তাসংস্থা এএফপির প্রতিবেদক। তিনি জানান, গভীর রাতে ভূমিকম্প শুরু হলে অনেক মানুষ আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। কেউ কেউ ভয়ে খোলা জায়গায় অবস্থান নেন, কারণ ঘরবাড়ি ধসে পড়ার আশঙ্কা ছিল।

স্থানীয় প্রশাসন দ্রুত উদ্ধার প্রস্তুতি জোরদার করেছে এবং সাধারণ নাগরিকদের সহায়তার জন্য জরুরি যোগাযোগ নম্বর প্রকাশ করেছে। তবে প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর নিশ্চিত করা যায়নি।

মাত্র দুই মাস আগে দেশটির পূর্বাঞ্চলে এক ভয়াবহ ভূমিকম্পে হাজারো মানুষ প্রাণ হারিয়েছিলেন। তারও আগে ২০২৩ সালে পশ্চিমাঞ্চলীয় হেরাতে ভূমিকম্পে দেড় হাজারের বেশি মানুষ মারা যান এবং প্রায় ৬৩ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়। এ বছরের ৩১ আগস্ট ৬ মাত্রার অগভীর ভূমিকম্পে আরও ২ হাজার ২০০ মানুষের মৃত্যু হয়- যা আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় হিসেবে বিবেচিত।

ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত আফগানিস্তানে প্রায়ই এ ধরনের কম্পন ঘটে। বিশেষ করে হিন্দু কুষ পর্বতমালায় ইউরেশিয়ান ও ভারতীয় টেকটোনিক প্লেটের সংঘাতে ভূগর্ভে প্রায়ই শক্তি সঞ্চয় হয়, যা ভয়াবহ ভূমিকম্পে রূপ নেয়।

২০২১ সালে তালেবান ক্ষমতা দখলের পর থেকে দেশটি ধারাবাহিকভাবে নানা প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছে। এসব বিপর্যয়ে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে এবং ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।

সূত্র: এএফপি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত