‘ডুমসডে মিসাইল’ কি সত্যিই এক ঝটকায় দেশ ধ্বংস করবে?

আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ০৮:২৮ এএম

রাশিয়া তাদের সর্বাধুনিক পারমাণবিক সাবমেরিন ‘খাবারোভস্ক’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে। এই সাবমেরিনটি বিশেষভাবে নকশা করা হয়েছে ‘পোসাইডন’ নামের পানির নিচের পারমাণবিক ড্রোন বহনের জন্য, যাকে পশ্চিমা বিশ্লেষকরা অনেক সময় ‘ডুমসডে মিসাইল’ বা ‘প্রলয়াস্ত্র’ হিসেবে অভিহিত করে থাকেন।

রবিবার (০৩ নভেম্বর) সেভমাশ জাহাজঘাটিতে এক আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসোভ সাবমেরিনটির জলাভিষেক করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাশিয়ার নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আলেকজান্ডার মোইসেয়েভ এবং জাহাজ নির্মাণ খাতের শীর্ষ কর্মকর্তা ও প্রকৌশলীরা।

উদ্বোধনী বক্তব্যে বেলোসোভ বলেন, ‘আজ রাশিয়ার নৌবাহিনীর জন্য একটি ঐতিহাসিক দিন। বিখ্যাত সেভমাশ জাহাজঘাটি থেকে ভারী পারমাণবিক ক্ষেপণাস্ত্রবাহী ক্রুজার খাবারোভস্ক পানিতে নামছে।’

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যে বলা হয়েছে, সেভমাশ নির্মিত এই সাবমেরিনটি আধুনিক পানির নিচের অস্ত্র ও রোবোটিক সিস্টেম বহনের সক্ষমতা রাখে। এটি নকশা করেছে রাশিয়ার বিখ্যাত রুবিন মেরিন ইঞ্জিনিয়ারিং ডিজাইন ব্যুরো।

রুশ সংবাদ সংস্থা টাস জানায়, খাবারোভস্ক সাবমেরিন দেশটির সামুদ্রিক নিরাপত্তা ও আন্তর্জাতিক স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অপরদিকে দৈনিক কমারসান্ট জানিয়েছে, ভবিষ্যতে এই শ্রেণির সাবমেরিনগুলোই পোসাইডন ড্রোন বহনের প্রধান প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

সম্প্রতি রাশিয়া জানিয়েছে, তারা সফলভাবে একটি পোসাইডন পানির নিচের ড্রোনের পরীক্ষা সম্পন্ন করেছে। এই ড্রোনে রয়েছে পারমাণবিক শক্তিচালিত ইঞ্জিন, যা তাকে দীর্ঘ দূরত্বে চলতে সহায়তা করে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, পোসাইডন ড্রোনটি একটি ‘মাদার সাবমেরিন’ থেকে উৎক্ষেপণ করা হয়। এতে ব্যবহৃত হয়েছে ক্ষুদ্রাকৃতির পারমাণবিক রিঅ্যাক্টর, যা প্রচলিত কৌশলগত সাবমেরিনে ব্যবহৃত রিঅ্যাক্টরের তুলনায় অনেক ছোট।

রুশ নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ এই ড্রোনকে ‘ডুমসডে মিসাইল’ হিসেবে উল্লেখ করেছেন। রুশ পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান আন্দ্রেই কার্তাপোলভ দাবি করেছেন, এটি ‘সম্পূর্ণ উপকূলীয় একটি দেশ ধ্বংস করে দিতে সক্ষম।’

তবে আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ এই দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তাদের মতে, রাশিয়ার প্রচারিত তথ্যগুলো বাস্তবের তুলনায় অতিরঞ্জিত হতে পারে।

বিশ্লেষকদের পর্যবেক্ষণ, রাশিয়ার এই নতুন সাবমেরিন ও পোসাইডন ড্রোন প্রকল্প মস্কোর সামরিক প্রযুক্তির প্রদর্শন ও কৌশলগত ক্ষমতার প্রতীক হিসেবে বিশ্বমঞ্চে বড় বার্তা বহন করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত