দুদিনের ভারী বৃষ্টির পর রাজধানী ঢাকাসহ সারা দেশের আবহাওয়া আজ কিছুটা শুষ্ক। শনিবারের (১ নভেম্বর) বৃষ্টির প্রভাব গতকাল রবিবার থাকলেও আজ সোমবার (৩ নভেম্বর) সকাল থেকেই ঢাকায় দেখা মিলেছে মেঘাচ্ছন্ন আকাশের।
আবহাওয়া অধিদপ্তরের সোমবার (৩ নভেম্বর) সকাল ৭টার পূর্বাভাসে জানানো হয়েছে, দুপুর পর্যন্ত ঢাকা ও আশপাশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে সারাদিন আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
পূর্বাভাসে বলা হয়, উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪ থেকে ৮ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। আজ সূর্যাস্ত হবে বিকেল ৫টা ১৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ৬টা ৬ মিনিটে।
আবহাওয়া অধিদপ্তরের সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে এবং বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
তবে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, আজ ঢাকায় ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। কোথাও কোথাও সামান্য বৃষ্টি হতে পারে।
তিনি আরও বলেন, কার্তিক মাসের এই সময়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পশ্চিমাংশে অবস্থানরত একটি লঘুচাপ দুর্বল হয়ে পড়েছে, যার ফলে আকাশ মেঘাচ্ছন্ন। তবে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে মিয়ানমার-বাংলাদেশ উপকূলে প্রভাব ফেলতে পারে।
এর ফলে আজ ও আগামীকাল চট্টগ্রামসহ উপকূলীয় এলাকায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন তিনি।
‘ডুমসডে মিসাইল’ কি সত্যিই এক ঝটকায় দেশ ধ্বংস করবে?
৪ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ