চ্যাম্পিয়ন হয়ে ভারত পেলো প্রায় ৫৫ কোটি টাকা

আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ০৯:৩৪ এএম

নারী ওয়ানডে বিশ্বকাপে ইতিহাস গড়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ভারত। গতকাল নাবি মুম্বাইতে ফাইনালে ভারত ৫২ রানে হারায় দক্ষিণ আফ্রিকাকে। বিশ্বকাপ জয়ে ট্রফি ছাড়াও বিশাল অর্থ পুরস্কারও পেয়েছে ভারতীয় দল।

সদ্য সমাপ্ত বিশ্বকাপে মোট পুরস্কার ধরা হয়েছিল ১৩.৮৮ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫৩ কোটি টাকা), যা ২০২২ সালের নারী ওয়ানডে বিশ্বকাপের তুলনায় প্রায় চার গুণ বেশি। এমনকি নারীদের এই পুরস্কার অর্থ ২০২৩ সালের পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের চেয়েও বেশি। সেবার পুরুষদের আসরে পুরস্কার ছিল ১০ মিলিয়ন ডলার।

এবারের আসরে চ্যাম্পিয়ন হওয়ায় ভারত পেয়েছে ৪৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫ কোটি টাকা। ২০২২ নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পেয়েছিল মাত্র ১.৩২ মিলিয়ন ডলার। সেই তুলনায় ভারতের পুরস্কার বেড়েছে প্রায় ২৩৯ শতাংশ।

রানার্স-আপ হওয়া দক্ষিণ আফ্রিকার পেয়েছে ২২ লাখ ৪০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় ২৫ কোটি টাকার বেশি।

সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল পাবে ১.১২ মিলিয়ন ডলার করে। এ ছাড়া পঞ্চম ও ষষ্ঠ স্থানে দুই দল ৭ লাখ ডলার করে আর সপ্তম ও অষ্টম স্থানে থাকা দুই দল ২ লাখ ৮০ হাজার ডলার করে পাচ্ছে। প্রতিযোগিতায় অংশ নেওয়া আট দলই অংশগ্রহণ ফি হিসেবে পাবে ২ লাখ ৫০ হাজার ডলার, সঙ্গে প্রতিটি গ্রুপপর্ব জয়ের জন্য অতিরিক্ত ৩৪ হাজার ৩১৪ ডলার করে।

বাংলাদেশ লিগ পর্বের খেলায় ৩ পয়েন্ট নিয়ে সপ্তম হয়েছে। অবস্থান অনুযায়ী বাংলাদেশ পাচ্ছে ২.৮০ লাখ ডলার। এ ছাড়া ৭ ম্যাচের মধ্যে জয়ে আরও ৩৪ হাজার ৩১৪ ডলার পেয়েছে বাংলাদেশ। সব মিলিয়ে এবারের নারী বিশ্বকাপ থেকে বাংলাদেশ মোট ৫ লাখ ৬৪ হাজার ৩১৪ ডলার পাচ্ছে, যা বাংলাদেশি টাকায় ৬ কোটি ৯০ লাখ ২৭ হাজার টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত