ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
আজ সোমবার (৩ নভেম্বর) জাতীয় নির্বাচনে আনসার-ভিডিপির ভোটকেন্দ্র নিরাপত্তা মহড়া ও চতুর্থ ধাপের আনসার কোম্পানি-প্লাটুন সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ বলেন, ‘অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় এবার আনসার বাহিনী আরও জোরালো ভূমিকা রাখবে। নির্বাচন কমিশনকে আমরা সব ধরনের সহযোগিতা করব। শুধু ভোটের দিন নয়, নির্বাচনের প্রচারণামূলক কার্যক্রমেও আনসার সহায়তা দেবে। পাশাপাশি ভোটারদের করণীয় বিষয়ে প্রচারণা চালানো হবে।’
তিনি আরও উল্লেখ করেন, ‘ভোটের নিরাপত্তা ও সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় আনসার বাহিনী বিশেষভাবে প্রস্তুত করা হচ্ছে। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাদের বাদ দেওয়া হবে এবং নির্বাচনী দায়িত্ব দেওয়া হবে না।’
মহাপরিচালক জানান, এবারের নির্বাচনে ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে আনসারদের দায়িত্ব বণ্টন করা হবে। প্রায় পাঁচ লাখ আনসার সদস্য নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবেন। গত এক বছরে এক লাখ ৪৫ হাজার নতুন সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে এবং তাদের মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘নতুন সদস্যদের প্রশিক্ষণ ডিসেম্বর মাস পর্যন্ত চলবে।’
দেশ কোন দিকে যাবে নির্ভর করছে নির্বাচনের ওপর: সিইসি