হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব এবং বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় অনুষ্ঠান কঠিন চীবর দান উপলক্ষে বিশেষ তহবিল অনুদান বৃদ্ধি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি বাড়িয়ে টানা পাঁচ দিন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, প্রতিবছর শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে রাষ্ট্রীয় তহবিল থেকে নির্দিষ্ট বরাদ্দ দেওয়া হয়। এবার ট্রাস্টের পক্ষ থেকে চার কোটি টাকা অনুদান চাওয়া হলেও প্রধানমন্ত্রীর বিশেষ বিবেচনায় তা বাড়িয়ে পাঁচ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। একইভাবে, ২৫ সেপ্টেম্বর বৌদ্ধ সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা ও আসন্ন কঠিন চীবর দান উপলক্ষে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট দুই কোটি টাকা চেয়েছিল। প্রধানমন্ত্রী তাদের চাহিদার চেয়ে এক কোটি টাকা বাড়িয়ে মোট তিন কোটি টাকা মঞ্জুর করেন।
এদিকে, দুর্গাপূজার সরকারি ছুটিতেও এসেছে বড় পরিবর্তন। প্রচলিত ছুটির তালিকা অনুযায়ী ২০ অক্টোবর মঙ্গলবার নবমীতে নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীতে সাধারণ ছুটি নির্ধারিত ছিল। ২২ অক্টোবর বৃহস্পতিবার কর্মদিবস হলেও প্রধানমন্ত্রীর নতুন সিদ্ধান্ত অনুযায়ী ওই দিনও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরপরই ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি চাকরিজীবীরা মোট টানা পাঁচ দিনের ছুটির সুবিধা উপভোগ করতে পারবেন।
ছুটি চলাকালীন হাসপাতাল, পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহের মতো জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে। গণমাধ্যম এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় নির্দিষ্ট ব্যাংক শাখাও এই সময়ে বিশেষ সেবা চালু রাখতে পারে।
প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তার বিশেষ সহকারী বিজন কান্তি সরকার সাংবাদিকদের বলেন, অনুদান বাড়ানো ও ছুটি বৃদ্ধির মধ্য দিয়ে সকল সম্প্রদায়ের প্রতি সরকারের সদয় দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে। এই উদ্যোগ সাধারণ মানুষের মাঝে উৎসবের আনন্দ আরও দ্বিগুণ ও স্বস্তিদায়ক করবে।
দুর্গাপূজায় সাইবার অপপ্রচার রোধে সতর্কের নির্দেশ আইজিপির