তিন বছর পর ফেডারেশন কাপে নতুন চ্যাম্পিয়ন খৈ খৈ মারমা ও হৃদয়

আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ০৮:৪১ পিএম

জাতীয় চ্যাম্পিয়নশিপ ও লিগের পর ঘরোয়া টেবিল টেনিসে অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা ফেডারেশন কাপ। তিন বছর পর অনুষ্ঠিত এ আসরে প্রথমবারের মতো নারী ও পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন খৈ খৈ মারমা ও মুনতাহাসিন আহমেদ হৃদয়।

নারী এককের ফাইনালে খৈ খৈ মুখোমুখি হন অভিজ্ঞ সোনাম সুলতানা সোমার। লড়াইটা ছিল সত্যিকার অর্থেই ফাইনালের মতো। ৩-২ গেমে জয় তুলে নিয়ে প্রথমবার ফেডারেশন কাপের শিরোপা জেতেন খৈ খৈ। ম্যাচে প্রথমে ১১-৪ পয়েন্টে এগিয়ে যান তিনি, তবে পরের গেমে ১১-৯ পয়েন্টে ফিরে আসেন সোমা। তৃতীয় গেমে আবার ১১-৪ ব্যবধানে জেতেন খৈ খৈ, কিন্তু চতুর্থ সেটে ১১-৯ পয়েন্টে সমতা ফেরান সোমা। শেষ সেটে শুরুতে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত ১১-৭ পয়েন্টে জয় নিয়ে ইতিহাস গড়েন খৈ খৈ মারমা।

সেমিফাইনালে তিনি হারিয়েছিলেন বর্তমান জাতীয় চ্যাম্পিয়ন মৌকে। সেই জয়ই তার আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় বলে জানান খৈ খৈ, “জাতীয় চ্যাম্পিয়ন মৌয়ের সঙ্গে জিতে আমার কনফিডেন্স বেড়ে যায়। তখনই মনে হয়েছিল ফাইনালে ভালো কিছু করতে পারব। লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন হওয়া, সেটাই করতে পেরেছি।”

ফাইনালে নিজের জয়ের মোড় ঘোরা মুহূর্ত নিয়ে খৈ খৈ বলেন, “সার্ভিস রিসিভে ওনার একটু সমস্যা হচ্ছিল। আমার রাবারটা আলাদা হওয়ায় সার্ভিসে আমি অ্যাডভান্টেজ পাইছিলাম।” শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ নিয়েও মন্তব্য করেছেন তিনি, “চ্যাম্পিয়ন হওয়া যেমন কঠিন, সেটি ধরে রাখা আরও কঠিন। সামনে চেষ্টা করব এই অবস্থানটা ধরে রাখতে। এখনো অনেক কিছু শেখার বাকি আছে।”

পুরুষ এককের ফাইনালে তেমন প্রতিদ্বন্দ্বিতা হয়নি। মুনতাহাসিন আহমেদ হৃদয় ৩-০ গেমে হারান রামহিমকে। প্রথমবারের মতো ফেডারেশন কাপের শিরোপা জিতে হৃদয়ের অনুভূতি, “অনেক ভালো লাগছে। যেখানে মানসদা পাঁচবার জাতীয় চ্যাম্পিয়ন, সেখানে আমি ১৮ বছর বয়সে জাতীয় পর্যায়ে জিতেছিলাম। এখন ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হয়ে আরও ভালো লাগছে।”

রামহিমের পারফরম্যান্স নিয়ে হৃদয় বলেন, “রামহিম অনেক ভালো খেলোয়াড়। সম্ভবত আজ একটু ক্লান্ত ছিল, তাই আগের মতো খেলতে পারেনি। সেই সুযোগটাই আমি কাজে লাগিয়েছি।”

৫ নভেম্বর ইসলামিক সলিডারিটি গেমসে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল। খৈ খৈ ও হৃদয় দুজনই এই টুর্নামেন্টকে বড় মঞ্চের প্রস্তুতি হিসেবে দেখছেন। তারা বলেন, “ইসলামিক সলিডারিটি গেমসে ইরান, ইরাক, কাজাখস্তানের মতো শক্তিশালী দল থাকবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব দেশকে একটি পদক উপহার দিতে।”

সম্প্রতি বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন ২৫ বছর বয়সী থাইল্যান্ডের কোচ পাসারাকে যুক্ত করেছে। তার অধীনে দুই মাসের অনুশীলনে খেলোয়াড়দের পারফরম্যান্সে উন্নতি এসেছে বলে জানান দুই চ্যাম্পিয়নই, “তিনি অসাধারণ প্র্যাকটিস পার্টনার, উনার কাছ থেকে অনেক কিছু শিখেছি।”

ফেডারেশন কাপের এবারের আসরে নারী, পুরুষ একক ও দলগত ইভেন্ট অনুষ্ঠিত হয়। তবে দ্বৈত ও মিশ্র দ্বৈত বিভাগ রাখা হয়নি। পুরুষ দলগত, পুরুষ একক ও নারী এককে সেনাবাহিনী চ্যাম্পিয়ন হয়েছে। নারী দলগত বিভাগে আনসার ক্রীড়া বোর্ড জিতেছে শ্রেষ্ঠত্বের লড়াই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত