আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের ব্যাটিং কোচ আশরাফুল, টিম ডিরেক্টর রাজ্জাক

আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ১১:০০ পিএম

সাম্প্রতিক সময়ে ব্যাটিং বিপর্যয়ে ভুগছে বাংলাদেশ জাতীয় দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্যসমাপ্ত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে লাল-সবুজরা। তার আগে ওয়ানডে সিরিজ জিতলেও ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠেছে চারদিকে। এমন পরিস্থিতিতে জাতীয় দলের ব্যাটিং বিভাগে নতুন সংযোজন হিসেবে দেখা যাচ্ছে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাধারণ সভা শেষে সোমবার রাতে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানিয়েছেন, আসন্ন আয়ারল্যান্ড সিরিজে অস্থায়ীভাবে ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন আশরাফুল। যদিও এটি পূর্ণকালীন নিয়োগ নয়, তবে বোর্ড আশাবাদী যে অভিজ্ঞ এই ক্রিকেটার তরুণদের আত্মবিশ্বাস ফেরাতে ভূমিকা রাখবেন।

এই সিরিজে বাংলাদেশের টিম ডিরেক্টর হিসেবে কাজ করবেন বিসিবির নবনির্বাচিত পরিচালক  আব্দুর রাজ্জাক।

জাতীয় দলে দীর্ঘদিন খেলা আশরাফুল দেশসেরা প্রতিভাদের একজন হিসেবে পরিচিত ছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক ঐতিহাসিক ইনিংস খেলে তিনি আলোচনায় আসেন। বর্তমানে তিনি ঘরোয়া ক্রিকেটে কোচিং-সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন।

আয়ারল্যান্ড সিরিজের আগে জাতীয় দলের স্কোয়াড ও সাপোর্ট স্টাফের আনুষ্ঠানিক ঘোষণা শিগগিরই দেওয়া হবে বলে জানিয়েছে বিসিবি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত