কেন আশরাফুলের বিরুদ্ধে একের পর এক পোস্ট করছেন রুবেল?

আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০৩:৩১ পিএম

ফেসবুকে সবসময় সক্রিয় থাকেন জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেন। তার দার্শনিক টাইপ (!) পোস্ট নিয়ে আলোচনাও চলে। তবে গতকাল সোমবার মোহাম্মদ আশরাফুলকে আয়ারল্যান্ড সিরিজের জন্য ব্যাটিং কোচ নিযুক্ত করার পর থেকেই একের পর এক পোস্ট করছেন রুবেল। কারও নাম উল্লেখ না করলেও আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছেন, পোস্টগুলো আশরাফুলের উদ্দেশ্যেই লেখা! রুবেলের প্রথম ফেসবুক পোস্ট।

সোমবার দিবাগত রাত ১২টা ৩৩ মিনিটে রুবেল তার ভেরিফায়েড ফেসবুক পেইজে প্রথম পোস্টটি দেন। এতে লেখা ছিল, ‘বাংলাদেশ ক্রিকেট’। তারপর ব্যাট-বলের ইমোজি দেওয়া। রাত ২টা ৮ মিনিটে রুবেল দ্বিতীয় পোস্ট করেন, যাতে লেখা ছিল- ‘দায়মুক্ত হলো ক্রিকেট বোর্ড’। এরপর ইংরেজিতে লিখেছেন, ‘বাংলাদেশ’ এবং ‘ব্যাটিং কোচ’। এতেই স্পষ্ট হয়ে যায়, সদ্য নিযুক্ত ব্যাটিং কোচ আশরাফুলকে নিয়েই তিনি পোস্টটা লিখেছেন।rubel-2

রাতেই অবশ্য থামেননি রুবেল, আজ মঙ্গলবার দুপুর ২টা ২ মিনিটে তিনি আরও একটি পোস্ট করেছেন। সেই পোস্টে লিখেছেন, ‘যে মাঠ একসময় বিশ্বাস হারিয়েছে, সেই মাঠেই আবার শিক্ষা দিতে আসা, জীবনটা আসলেই সিনেমা। সময় সত্যিই অদ্ভুত! যাদের একসময় উদাহরণ হিসেবে বাদ দেওয়া হয়েছিল, আজ তারা উদাহরণ দিতে এসেছে। শুনুন, নামের পাশে “কোচ” লেখা মানে দায়িত্ব,গর্ব না। আই লাভ বিডি ক্রিকেট।’ আজ দুপুরে রুবেল তার ইঙ্গিতপূর্ণ তৃতীয় পোস্টটি করেন।

বলা বাহুল্য যে, রুবেল আসলে আশরাফুলের জীবনের অন্ধকার অধ্যায়টির দিকে ইঙ্গিত করেছেন বারবার। বাংলাদেশের ক্রিকেটের প্রথম আন্তর্জাতিক সুপারস্টার আশরাফুল বিপিএলে ফিক্সিং কাণ্ডে জড়িয়ে নিষিদ্ধ হয়েছিলেন। এমনকী তার বিরুদ্ধে আন্তর্জাতিক ম্যাচেও ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল। নিষেধাজ্ঞা কাটিয়ে আশরাফুল ঘরোয়া ক্রিকেটে ফিরেছিলেন। এরপর ক্রিকেট বিশ্লেষক ও কোচ হিসেবে কাজ করে আসছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত