সালাউদ্দিনের সঙ্গে 'সমস্যা নেই' আশরাফুলের

আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০৭:১৩ পিএম

ব্যাটিং ব্যর্থতায় বারবার আঙ্গুল উঠছে মোহাম্মদ সালাহউদ্দিনের দিকে। কাগজে কলমে তার নিয়োগ সিনিয়র সহকারী কোচ হিসেবে। তবে ব্যাটিং নিয়েই তিনি জাতীয় দলে বেশি ব্যস্ত, আরও বেশি ব্যস্ত জাকের আলি অনিককে বাংলাদেশ দলে টিকিয়ে রাখা নিয়ে। সোমবার আয়ারল্যান্ড সিরিজের জন্য আব্দুর রাজ্জাককে টিম ডিরেক্টর আর মোহাম্মদ আশরাফুলকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি, সম্ভাবনা আছে আশরাফুলের দায়িত্বের সময়সীমা বৃদ্ধিরও। আশরাফুলের যোগদানের ফলে সালাউদ্দিনের সঙ্গে তার কি বিরোধ সৃষ্টি হবে? এমন প্রশ্নে বরিশাল দলের হয়ে জাতীয় লিগে কোচের দায়িত্ব পালন করা আশরাফুল বলেছেন, তার সঙ্গে সালাউদ্দিনের কোন বিরোধিতা নেই।

‘সালাউদ্দিন ভাইও কিন্তু টপ কোচ। বাংলাদেশের টপ কোচ, উনার সাথে আমার কোন সমস্যা নাই। যাদের সাথে খেলছি ইন্টারন্যাশনাল ক্রিকেট এবং ডোমেস্টিক ক্রিকেট এখন তাদের সাথে কাজ করব ভালো লাগছে খুবই ভালো লাগছে। (কাজটা) টাফ তো জানি তারপরও আমি এই চ্যালেঞ্জ নেওয়ার জন্যই আসলে এসেছি। আমি কোচিং লেভেল থ্রি করেছি তখন থেকেই কিন্তু স্বপ্ন যে আমি বাংলাদেশের হয়ে কাজ করবো সেটা যেকোনো লেভেলেই হোক, আলহামদুলিল্লাহ আসলে লাস্ট তিন বছর আগে যখন আমি লেভেল থ্রি কোচিং কোর্সটা করলাম উদ্দেশ্যই ছিল যে আমি কোচিং লাইনে আসবো মাঠে থাকবো আমার যেই এক্সপেরিয়েন্সটা (শেয়ার করার)। আমার লাইফে আমি অনেক সময় সাকসেস হয়েছি অনেক সময় হই নাই তো কেন হইছি কেন হই নাই এই জিনিসগুলা নিয়েই আমি আমার কোচিং এ ওইটাই আমি চেষ্টা করি যেখানে আমি কাজ করি শেয়ার করার সবাই সাথে বিশেষ করে ব্যাটসম্যান যারা।'

আশরাফুল বরিশাল বিভাগীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন এনসিএলে। প্রিমিয়ার লিগে ধানমন্ডি স্পোর্টস ক্লাব আর নারীদের লিগে গুলশান ইয়ুথ ক্লাবকে কোচিং করিয়েছেন। বাংলাদশ প্রিমিয়ার লিগ ও গ্লোবাল সুপার লিগে ব্যাটিং কোচ ছিলেন রংপুর রাইডার্স দলের। আশরাফুল জানালেন এই সব অভিজ্ঞতাই তাকে তৈরি করেছে জাতীয় দলের জন্য, 'টি-টোয়েন্টিতে দুইবার কাজ করেছি রংপুর রাইডার্সের হয়ে একবার চ্যাম্পিয়ন একবার রানার-আপ হয়েছি, বিপিএলেও রংপুরের সাথে কাজ করেছি। ঢাকা প্রিমিয়ার লিগেও কাজ করলাম, এবার ফার্স্ট ক্লাসেও করলাম তো সব জায়গায় আমি চেষ্টা করি আমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করার জন্য।'

সালাউদ্দিন অতীতে যখন জাতীয় দলের কোচিং স্টাফে ছিলেন, তখন আশরাফুল অধিনায়ক। এবারে দুজনের দেখা হবে ভিন্ন ভাবে। ব্যাপারটাকে সহজভাবে নিয়ে বিরোধ এড়িয়ে যাবারই বার্তা দিলেন আশরাফুল, 'একদমই আমি মনে করি না কারণ সালাউদ্দিন ভাই যখন বাংলাদেশ টিমে ফাস্ট কোচিং করিয়াছিলেন তখন আমি ন্যাশনাল টিমে ছিলাম এবং আমি ক্যাপ্টেনও ছিলাম। মাঝখানে উনি করায় নাই (জাতীয় দলে) ডোমেস্টিকে করেছে তো সালাউদ্দিন ভাই...আমার কিন্তু বাংলাদেশের সবার সাথেই আল্লাহর রহমতেভালো সম্পর্ক। উনার সঙ্গে আমার কোন সমস্যা নাই, কারোও সঙ্গে  বাংলাদেশে আমার কোন সমস্যা নাই আমি সবার সাথেই মানিয়ে নিতে পারি।'

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত