মাদকাসক্তি শেষ করে দিলো শন উইলিয়ামসের ক্যারিয়ার

আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ১০:১৩ পিএম

জিম্বাবুয়ে ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা অলরাউন্ডার শন উইলিয়ামসের আন্তর্জাতিক ক্রিকেট অধ্যায় শেষ হয়ে গেল। মাদকাসক্তি নিরাময়ের জন্য তিনি পুনর্বাসন কর্মসূচিতে যোগ দিয়েছেন—এ তথ্য জানিয়ে তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (ZC)।

৩৯ বছর বয়সী এই অভিজ্ঞ ক্রিকেটার দেশের হয়ে তিন ফরম্যাটে মিলিয়ে প্রায় ৯ হাজার রান করেছেন ও নিয়েছেন ১৫০টিরও বেশি উইকেট। ব্যাট হাতে যেমন নির্ভরযোগ্য ছিলেন, তেমনি বল হাতেও ছিলেন কার্যকর। কিন্তু ব্যক্তিগত জীবনের জটিলতা এবং মাদকাসক্তির সমস্যায় শেষ পর্যন্ত তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের পরিসমাপ্তি ঘটল।

গত সেপ্টেম্বরে হারারে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপ আফ্রিকা বাছাই পর্বের আগে দল থেকে নাম প্রত্যাহার করেন উইলিয়ামস। এরপর বিষয়টি নিয়ে তদন্তে নামে বোর্ড। তদন্ত চলাকালে উইলিয়ামস স্বীকার করেন, তিনি মাদকাসক্তির সঙ্গে লড়াই করছেন এবং স্বেচ্ছায় পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হয়েছেন।

বোর্ড এক বিবৃতিতে জানায়, "সতর্কভাবে বিবেচনা করে জেডসি সিদ্ধান্ত নিয়েছে, শন উইলিয়ামসকে আর জাতীয় দলে বিবেচনা করা হবে না।”

তবে উইলিয়ামস নিজে এখনও এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

বোর্ডের বিবৃতিতে আরও বলা হয়, "চুক্তিবদ্ধ সব খেলোয়াড়ের কাছ থেকে আমরা সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং দলের নিয়মনীতি ও অ্যান্টি-ডোপিং নীতিমালা মেনে চলার প্রত্যাশা করি। উইলিয়ামসের অতীত রেকর্ডে শৃঙ্খলাভঙ্গ ও অনুপস্থিতির একাধিক উদাহরণ রয়েছে, যা দলের প্রস্তুতি ও পারফরম্যান্সকে প্রভাবিত করেছে।”

তবু বোর্ড তাঁর দীর্ঘ অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছে। "গত দুই দশকে উইলিয়ামস জিম্বাবুয়ে ক্রিকেটের অন্যতম স্তম্ভ ছিলেন। সাম্প্রতিক ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। মাঠে ও মাঠের বাইরে তিনি স্থায়ী ছাপ রেখে গেছেন,”—বলে জানিয়েছে জেডসি

বোর্ড জানায়, চলতি বছরের ৩১ ডিসেম্বর তাঁর জাতীয় চুক্তির মেয়াদ শেষ হবে এবং এরপর তা আর নবায়ন করা হবে না।

এই কূিন আগেও জিম্বাবুয়ে ক্রিকেটের ভরসা ছিলেন শন উইলিয়ামস। কিন্তু জীবনের বাঁকে এসে মাদকাসক্তির অন্ধকারেই থেমে গেল তাঁর ক্রিকেট অধ্যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত