কুমিল্লা-৬ (আদর্শ সদর ও সদর দক্ষিণ) আসনে বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরীর পক্ষে মাঠে নেমেছেন কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি থেকে আজীবনের জন্য বহিষ্কৃত নেতা মো. মনিরুল হক সাক্কু।
তিনি জানিয়েছেন, মনিরুল হক চৌধুরী দলীয় প্রার্থী হওয়ায় তিনি নিজে আর নির্বাচনে প্রার্থী হবেন না। গতকাল মঙ্গলবার রাতে কুমিল্লা নগরের নানুয়াদিঘির পাড়ের নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সাক্কু।
সাক্কু বলেন, দল শেষ বয়সে একজন শিক্ষিত, অভিজ্ঞ পার্লামেন্টারিয়ানকে এই আসনে প্রার্থী করেছে। তাকে জেতাতে সব ধরনের কাজ করব। মনিরুল হক চৌধুরী প্রার্থী হওয়ায় বিএনপি সদরে টিকে গেছে। ইয়াছিন ও কায়সার ছাড়া সবাই এক ছাতার নিচে চলে আসছে। দল সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তিনি ভোটের ক্ষেত্রে বড় ধরনের ফ্যাক্টর।
তিনি আরও বলেন, ইয়াছিন সাব দলের মনোনয়ন পেলে আমি নির্বাচন করতাম। তিনি আমারে ২০২২ সালের সিটি নির্বাচনে মেয়র পদে একবার ৩৪৩ ভোটে ফেল করাইছে। পইলাবার কিছু মনে করি নাই। ২০২৪ সালে তিনি তার শালার (নিজাম উদ্দিন কায়সার) জন্য পুরো বিএনপিকে মাঠে নামাইছে। কয়ডা ভোট পাইছে। আজ আমি খুশি। উইকেট একটা পরছে, আরেকটা পরতে অইব।
মনিরুল হক সাক্কু জানান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করে তিনি মনিরুল হক চৌধুরীকে দলীয় মনোনয়ন দেওয়ার অনুরোধ করেন। ‘তাকে না দিলে আমি ইয়াছিনের লগে প্রার্থী হতাম,’ বলেন সাক্কু।
সাবেক এই মেয়র বলেন, নির্বাচনী মাঠে আমি আছি। মনির ভাইকে জেতাতে সব কিছু করব। এই মুহূর্তে বিএনপিকে ধরে রাখতে হবে। দলের সঙ্গে অভিমান করা যাবে না। এতো বড় মাপের নেতা এই আসনে উপহার দেওয়ায় নেত্রী ও তারেক রহমানকে অভিনন্দন জানাই। মনির ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি সংসদ নির্বাচনে প্রার্থী হব না।
নিউইয়র্কের প্রথম জেন-জি ফার্স্ট লেডি রামা দুওয়াজি
ওয়াসিম আকরামকে মুগ্ধ করা কে এই ১৭ বছরের আলী রেজা?