কুমিল্লা-৬ আসনে মনোনয়ন পত্র নিলেন বিএনপি থেকে বহিষ্কৃত সাক্কু

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ০৫:১৪ পিএম

কুমিল্লা-৬ (সদর ও সদর দক্ষিণ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। বিএনপি থেকে আজীবন বহিষ্কৃত এই নেতা রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে তার প্রতিনিধিদের মাধ্যমে মনোনয়ন ফরম নেন।

সাক্কুর পক্ষে বিএনপি নেতা নবী নেওয়াজ, বাপ্পী ও কবির মজুমদার রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসানের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম নেওয়ার বিষয়ে মনিরুল হক সাক্কু বলেন, মনোনয়ন ফরম নিয়ে রেখেছি। নির্বাচনের প্রস্তুতি আছে। প্রতিনিধির মাধ্যমে ফরম সংগ্রহ করেছি, তবে জমা দেব নিজে গিয়ে। আপাতত তিনি দলীয় প্রার্থী মনিরুল হক চৌধুরীর পক্ষেই মাঠে কাজ করছি।

দলীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা-৬ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। একই আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে রয়েছেন বিএনপির আরেক উপদেষ্টা হাজি আমিন উর রশিদ ইয়াছিন। সাক্কুর সঙ্গে হাজি ইয়াছিনের দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ রয়েছে বলে দলীয় নেতাকর্মীরা জানান।

সাক্কুর ঘনিষ্ঠদের ভাষ্য, কৌশলগত কারণে এবারের নির্বাচনে তিনি মনিরুল হক চৌধুরীর পক্ষে সক্রিয় ভূমিকা রাখছেন। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম নেওয়ায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি নির্বাচনী কৌশলের অংশও হতে পারে।

২০১২ সালে নাগরিক কমিটির ব্যানারে কুমিল্লা সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে নৌকার প্রার্থীকে হারিয়ে মেয়র নির্বাচিত হন মনিরুল হক সাক্কু। পরে ২০১৭ সালে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে দ্বিতীয়বার মেয়র হন তিনি। তবে দলের সিদ্ধান্ত অমান্য করে ২০২২ সালের সিটি নির্বাচনে অংশ নেওয়ায় তাকে আজীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

এরপর ২০২৩ সালে কুমিল্লা সিটির উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিলেও তিনি পরাজিত হন। সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক এবং দলীয় প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নেওয়ায় তাকে দলে ফিরিয়ে নেওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছে।

মনোনয়ন ফরম নেওয়ার মধ্য দিয়ে কুমিল্লা-৬ আসনের নির্বাচনী রাজনীতিতে মনিরুল হক সাক্কু আবারও আলোচনার কেন্দ্রে এলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত