ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের জন্য দলবদলে দুই দিনে ২০টি ক্লাবের মধ্যে মাত্র ১২টি ক্লাব অংশ নিয়েছে, বাকি ৮টি ক্লাব অনুপস্থিত থাকায় নতুন মৌসুম নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
বৃহস্পতিবার শেষ হওয়া এই খেলোয়াড় বদলিতে অংশ নেয়া ক্লাবগুলোর মধ্যে ছিল শাইনপুকুর ক্রিকেট ক্লাব, উত্তরা ক্রিকেট ক্লাব, বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব, শেখ জামাল ক্রিকেটার্স, লালমাটিয়া ক্লাব, বসুন্ধরা রাইডার্স, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব, ঢাকা স্পার্টানস ক্রিকেট ক্লাব, ব্লুজ ক্রিকেটার্স, বারিধারা ড্যাজলার্স ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।
তবে সিটি ক্লাব, ঢাকা লেপার্ডস, সূর্য তরুণ, আজাদ স্পোর্টিং ক্লাব, এক্সিম ক্রিকেটার্স, অ্যাম্বার স্পোর্টিং, ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব ও গাজী টায়ার্স ক্রিকেটার্স খেলোয়াড় বদলিতে অংশ নেয়নি। ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে ‘অনিয়ম’ অভিযোগে এসব ক্লাব প্রতিবাদের অংশ হিসেবে বদলি থেকে বিরত থেকেছে। এসব ক্লাবের বেশিরভাগই এর আগে ভোট বর্জন করেছিল এবং বর্তমান প্রশাসনের অধীনে বিসিবি অনুমোদিত লিগে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছিল।
বিসিবি অনুপস্থিত ক্লাবগুলোকে রাজি করাতে সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানা গেছে। সাধারণত খেলোয়াড়দের লিগ শুরুর ২৪ ঘণ্টা আগে টোকেন জমা দিতে হয়। প্রথম বিভাগ ক্রিকেট লিগ ১৮ নভেম্বর শুরু হওয়ার কথা। অর্থাৎ ১৭ নভেম্বর পর্যন্ত কোন দল খেলবে তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও তার আগেই সবকিছু চূড়ান্ত হয়ে যাবে বলে জানিয়েছেন বিসিবির একজন কর্মকর্তা।
