অলিম্পিকের নতুন নিয়মে বাছাইপর্ব খেলতে হবে বাংলাদেশ-পাকিস্তানকে

আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ০১:১৮ পিএম

২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন নিশ্চিত হয়ে গেছে। তবে বাংলাদেশসহ অনেক দলের জন্যই এই ইভেন্টে অংশগ্রহণের পথ সহজ হচ্ছে না। আইসিসির সাম্প্রতিক বোর্ড সভায় অলিম্পিকের নতুন বাছাই কাঠামো চূড়ান্ত হয়েছে, যেখানে আঞ্চলিক ভিত্তিতে দল নির্বাচনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আইসিসি জানায়, লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে পুরুষ ও নারী—দুই বিভাগেই থাকবে ছয়টি করে দল। অর্থাৎ মোট ১২ দল অংশ নেবে টি-টোয়েন্টি ফরম্যাটে, যেখানে মোট ম্যাচ সংখ্যা হবে ২৮টি। প্রাথমিক প্রস্তাব ছিল টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ছয় দলকে সরাসরি নেওয়া। কিন্তু সেটি বাতিল করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী- এশিয়া, ইউরোপ, আফ্রিকা, আমেরিকা, ওশেনিয়া প্রতিটি অঞ্চল থেকে শীর্ষস্থানীয় একটি দল সরাসরি অলিম্পিকে জায়গা করে নেবে। বাকি একটি জায়গার জন্য অন্যন্য দলগুলোকে নিয়ে অনুষ্ঠিত হবে একটি বৈশ্বিক বাছাইপর্ব। সেই বাছাইপর্ব থেকেই নির্ধারিত হবে শেষ তথা ৬ষ্ঠ দলটি।

বর্তমান র‍্যাঙ্কিং অনুযায়ী এশিয়া থেকে ভারত, ওশেনিয়া থেকে অস্ট্রেলিয়া, ইউরোপ থেকে ইংল্যান্ড এবং আফ্রিকা অঞ্চল থেকে দক্ষিণ আফ্রিকা সরাসরি অংশগ্রহণের পথে এগিয়ে আছে। যুক্তরাষ্ট্র স্বাগতিক হিসেবে জায়গা পাবে কি না সে বিষয়ে এখনো আলোচনা চলছে। যুক্তরাষ্ট্র স্বাগতিক হিসেবে জায়গা পাবে কি না, নাকি ওয়েস্ট ইন্ডিজ আমেরিকার প্রতিনিধি হিসেবে বিবেচিত হবে—তা এখনো চূড়ান্ত হয়নি।

দীর্ঘ ১২৮ বছর পর আবার অলিম্পিকে ক্রিকেট ফিরছে। তবে ভক্তদের বহু প্রতীক্ষিত ভারত-পাকিস্তান লড়াইয়ের স্বপ্ন বাস্তবায়ন হবে কি না—সেটি নির্ভর করছে র‍্যাঙ্কিং, বাছাই নীতি ও মাঠের লড়াইয়ের ওপর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত