লিওনেল মেসির জোড়া গোলের নৈপুণ্যে প্রথমবারের মতো এমএলএস প্লে-অফের সিরিজ জয় করল ইন্টার মায়ামি। একইসঙ্গে ৪০০ অ্যাসিস্টের রেকর্ডও গড়েছেন আর্জেন্টাইন মহাতারকা। এখনো পেশাদার ফুটবল খেলে যাওয়া আর কারও এই কীর্তি নেই। তার দুর্দান্ত পারফর্মেন্সে ন্যাশভিল এসসিকে ৪-০ গোলে হারিয়ে ইস্টার্ন কনফারেন্স সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে ফেলল মায়ামি।
শনিবার ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ১০ মিনিটে ব্যক্তিগত নৈপুণ্যে এগিয়ে দেন মেসি। বিরতির আগে মাতেও সিলভেত্তির পাস থেকে করেন দ্বিতীয় গোল। এরপর দ্বিতীয়ার্ধের শেষ দিকে তাদেও আলেন্দে টানা দুই গোল করে বড় ব্যবধানের জয় নিশ্চিত করেন। ম্যাচের চতুর্থ গোলটিতে সহায়তাও করেন মেসি। এটা তার ক্যারিয়ারের ৪০০তম অ্যাসিস্ট।
মেসির আগে ৪০০ অ্যাসিস্ট করা ফুটবলার শুধু একজনই- হাঙ্গেরির কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাস। তার ক্যারিয়ারের মোট অ্যাসিস্ট ৪০৪টি।মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট জেতা মেসি এই সিরিজে তিন ম্যাচে পাঁচ গোল করলেন। ন্যাশভিলের বিপক্ষে এমএলএস ক্যারিয়ারে সাত ম্যাচে তার গোলসংখ্যা ১২। যেকোনো এমএলএস প্রতিপক্ষের বিপক্ষে এটাই সর্বোচ্চ গোলের রেকর্ড।
এক ম্যাচ নিষেধাজ্ঞার কারণে ম্যাচটিতে ছিলেন না লুইস সুয়ারেজ। তার অনুপস্থিতিতে আক্রমণভাগের পুরো দায়িত্ব যেন নিজের কাঁধে তুলে নিয়েছিলেন মেসি। পুরো ম্যাচে ন্যাশভিলের ১১টি শটই দারুণভাবে সামলে ইন্টার মায়ামিকে ক্লিন শিট উপহার দেন গোলরক্ষক রোকো রিওস নোভো। সিরিজে ২-১ ব্যবধানে জয় নিয়ে ইন্টার মায়ামি এখন সেমিফাইনালে মুখোমুখি হবে দ্বিতীয় বাছাই এফসি সিনসিনাটির।
ম্যাচটি অনুষ্ঠিত হবে ওহাইওর টিকিউএল স্টেডিয়ামে। এই জয়ে অন্তত এক ম্যাচের জন্য অবসরের অপেক্ষা বাড়ল সার্জিও বুসকেতস ও জর্দি আলবার। দুজনেই মৌসুম শেষে অবসরের ঘোষণা দিয়েছেন। এমএলএস কাপ ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ৬ ডিসেম্বর। ফিলাডেলফিয়া, সিনসিনাটি বা ইন্টার মায়ামি—যে কারও মাঠেই হতে পারে শিরোপার লড়াই।
আর্সেনালের জয়রথ থামিয়ে চমকে দিল সান্ডারল্যান্ড