কম্বোডিয়া-থাই সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে দুই থাই সৈন্য আহত হওয়ার পর থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুটিন চার্নভিরাকুল কম্বোডিয়ার সঙ্গে নাজুক শান্তি চুক্তি বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন। আহত সৈন্যরা সোমবার (১০ নভেম্বর) সি সা কেত প্রদেশে নিয়মিত তল্লাশি চলাকালীন ল্যান্ডমাইনের ওপর পা ফেলেছিলেন। থাই সেনাবাহিনী এগুলো নতুনভাবে বসানো বলে মনে করছে। এটি মাত্র চার মাসে সপ্তম বিস্ফোরণ, যা জুলাই মাসে ঘটে যাওয়া প্রাণহানিকর সীমান্ত সংঘর্ষের পর সবচেয়ে বড় ধরনের ঘটনা।
ফলস্বরূপ, থাইল্যান্ড মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থিত কুয়ালালামপুর শান্তি চুক্তির কার্যক্রম স্থগিত করবে বলে জানিয়েছেন আনুটিন।
এছাড়াও দেশটি বন্দি থাকা ১৮ জন কাম্বোডিয়ান সৈন্যের মুক্তিও আপাতত স্থগিত করছে। শান্তি চুক্তির শর্ত অনুযায়ী ২১ নভেম্বর থেকে এই বন্দীদের মুক্তি শুরু হওয়ার কথা ছিল।
