ফুটবল নিয়ে আসিফের বৈরী মন্তব্যে অসন্তোষ বাফুফের, বিসিবিকে চিঠি

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৫:২৫ পিএম

ক্রিকেট কনফারেন্সে কথা বলতে গিয়ে বিসিবি পরিচালক আসিফ আকবর ফুটবল নিয়ে বৈরী মন্তব্য করেছেন। তার মন্তব্য কথা প্রেক্ষিতে 'মারপিট' শব্দটিও ছিল। আসিফের বক্তব্যের পর সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা, নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে। আসিফের মন্তব্যের প্রেক্ষিতে আজ বিসিবি সভাপতি বরাবর বাফুফে সভাপতি চিঠি দিয়েছে।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বরাবর বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের প্রেরিত চিঠিতে বলা হয়েছে, ‘আপনার মতো অভিজ্ঞ ও মর্যাদাপূর্ণ একজন ব্যক্তি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন যা আমাদের জন্য গর্বের বিষয়। আমি গত ৯ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে প্রদত্ত বক্তব্য সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করতে চাই।’

চিঠিতে আরও বলা হয়, ‘ক্রিকেট কনফারেন্স থেকে ফুটবল খেলাকে নিয়ে অত্যন্ত অবমাননাকর, অপমানজনক ও উদ্বেগজনক মন্তব্য করা হয়, যা শুধু ফুটবল নয়, পুরো ক্রীড়া সমাজের জন্যই হতাশাজনক। আমরা এই মন্তব্যের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই পত্রকে আমাদের আনুষ্ঠানিক আপত্তি হিসেবে বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি।

এমন মনোভাব প্রকাশ পাওয়া দুঃখজনক এবং উদ্বেগজনক। আমরা সবাই খেলাধুলাকে একটি ঐক্যের মঞ্চ হিসেবে ব্যবহার করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এমন একটি প্ল্যাটফর্ম যা আমাদের জাতিকে একত্রিত করে, ভবিষ্যৎ প্রজন্মের মাঝে গর্ব ও অনুপ্রেরণা সৃষ্টি করে।’

এর আগে আজ দুপুরের পর বাংলাদেশ ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান ব্যক্ত করেছে। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম বলেন, 'উনি যে মন্তব্য দিয়েছে, সেটা ফিরিয়ে নেওয়া হোক। জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত ফুটবলপ্রেমীরা তাকে মেনে নেবে না। ক্রিকেট ভদ্র লোকের খেলা হলেও তিনি ভদ্র ব্যবহার দেখাননি।'

সাবেক ফুটবলারদের সংগঠন সোনালী অতীত ক্লাব। এই ক্লাবের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে আজ। প্রতিবাদ লিপিতে সংগঠনটি লিখেছে, ‘আপনার মন্তব্য শুধু দায়িত্বজ্ঞানহীন নয়, বাংলাদেশের এবং বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলকে প্রকাশ্যে অবমাননা করেছে। আরও উল্লেখযোগ্য-আপনারই বোর্ডের প্রেসিডেন্ট অতীতে বাংলাদেশের ঘরোয়া ফুটবল লিগের একজন সম্মানিত ফুটবলার ছিলেন।’

মূলত অবকাঠামো ব্যবহার ও সংকট নিয়ে তৃণমূল পর্যায়ে ফুটবল ও ক্রিকেটের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। ক্রিকেট কনফারেন্সে আসিফ বলেন, 'আগামী ২৪ তারিখ আবাহনী-মোহামেডান ফুটবল খেলা আছে, কুমিল্লা স্টেডিয়ামে। এই সমস্যা শুধু কুমিল্লার নয়, প্রতিটি জেলার স্টেডিয়াম অকুপাই করে রেখেছে ফুটবল। যেখানে ফুটবলের কাজ নেই, সেখানেই স্টেডিয়াম অকুপাই করে রেখেছে। ফুটবলারদের ব্যবহার খুব খারাপ, এটা আমি সরাসরি বলতে চাই। কারণ, ক্রিকেট একটা ডিসিপ্লিনড খেলা, আভিজাত্যের খেলা এটি, এখানে অনেক নিয়মকানুন আছে, রেকর্ডের খেলা।'

বাফুফে কর্তাদের সঙ্গে বসে ব্যাপারটি সুরাহা করতে বিসিবি সভাপতিকে অনুরোধ করেন আসিফ। প্রয়োজনে ফুটবলের সঙ্গে লড়াইয়ে জড়াতে হলেও সেটি তিনি করতে প্রস্তুত বলে আরেক দফায় জানিয়ে আসিফ বলেন, 'ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট মানুষজন একটু ভদ্র স্বাভাবিক, আভিজাত্যের ইস্যু আছে এখানে। আমার আবার একটু সমস্যা আছে। আমি আবার অত ভদ্র না। যেহেতু আমি অবসরপ্রাপ্ত ক্রিকেটার, অনেক আগের.. সুযোগ পাইনি নিজেকে ফোকাস করার… যদি ফুটবল মারমিট করে, আমিও মারপিট করব, নো প্রোবলেম…যে যেমন, তার সঙ্গে তেমন করতে হবে। আমরা তো চাঁদা চাচ্ছি না, কিডনি চাচ্ছি না, হার্ট-চোখ চাচ্ছি না, আমরা চাচ্ছি খেলার অধিকার।'

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত