অ্যাঙ্গোলার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৯:৫০ এএম

অ্যাঙ্গোলার বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচ দিয়ে ২০২৫ সাল শেষ করতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির শিষ্যরা আগামী শুক্রবার আফ্রিকার মাটিতে অ্যাঙ্গোলার মুখোমুখি হবে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। একাধিক ইনজুরি, কোচিং স্টাফের সিদ্ধান্ত ও টিকা সংক্রান্ত জটিলতার কারণে বেশ কয়েকজন নিয়মিত সদস্যকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে আলবিসেলেস্তেদের।

তারকা খেলোয়াড়দের মাঝে অনুপস্থিত থাকবেন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ, তরুণ মিডফিল্ডার ফ্রাঙ্কো মাসতান্তুয়োনো, এনজো ফার্নান্দেজ, নাহুয়েল মোলিনা এবং মার্কোস আকুনিয়া। তবে ম্যাচটিতে খেলবেন বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় বিজ্ঞাপন লিওনেল মেসি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে, স্কালোনি নাকি ইতোমধ্যেই সম্ভাব্য একাদশ গঠন করে ফেলেছেন।

অ্যাঙ্গোলা ম্যাচে আর্জেন্টিনার গোলপোস্টে পরিবর্তন আসবেই। কারণ মূল গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন অলিম্পিক মার্সেইয়ের গোলরক্ষক হেরোনিমো রুলি। অভিজ্ঞ এই কিপার ফরাসি লিগ ওয়ানে দারুণ ফর্মে আছেন। তার বিকল্প হিসেবে থাকবেন ওয়াল্টার বেনিতেজ। ইনজুরির কারণে থাকছেন না এনজো ফার্নান্দেজ।

গনসালো মন্টিয়েল ও আকুনিয়ার অনুপস্থিতিতে রাইটব্যাক হিসেবে খেলতে পারেন হুয়ান ফয়থ। লেফটব্যাকে থাকবেন নিকোলাস টালিয়াফিকো। সেন্টার-ব্যাকে আগের মতোই ক্রিস্টিয়ান রোমেরো ও নিকোলাস ওটামেন্ডির জুটি দেখা যাবে। মাঝমাঠে রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা ও জিওভানি লো চেলসো—এই চারজনই শুরুর একাদশে থাকার সম্ভাবনা বেশি।

আফ্রিকার দর্শকদের প্রত্যাশা অনুযায়ী, লিওনেল মেসি শুরুর একাদশে থাকছেন। তার সঙ্গে আক্রমণভাগে থাকবেন লাউতারো মার্টিনেজ। আক্রমণভাগে বিকল্প হিসেবে রয়েছেন হোসে ম্যানুয়েল ‘ফ্লাকো’ লোপেজ ও জোয়াকিন পানিচেল্লি। তরুণ মিডফিল্ডার ফ্রাঙ্কো মাসতান্তুয়োনোও দলে নেই। রিয়াল মাদ্রিদের এই খেলোয়াড় পিউবালজিয়ার কারণে মাঠের বাইরে।

অ্যাঙ্গোলার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: হেরোনিমো রুলি; হুয়ান ফয়থ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস টালিয়াফিকো; রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা, জিওভানি লো চেলসো; লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত