ওয়ানডে মেজাজের ব্যাটিংয়ে শতরানের ওপেনিং জুটি

আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ১১:৪৭ এএম

আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে দারুণ শুরু করেছে বাংলাদেশ। দুই ওপেনার সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান ওয়ানডে মেজাজে ব্যাট করছেন। দুজনেই তুলে নিয়েছেন ফিফটি। বিনা উইকেটে ১০৯ রান করে মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ। ৫০ রানে অপরাজিত আছেন ওপেনার মাহমুদুল ও ৫৮ রানে অপরাজিত সাদমান।

আজ বুধবার প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে সাবলীল শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান। ওয়ানডে মেজাজের ব্যাটিংয়ে ৪৯ বলে ক্যারিয়ারের সপ্তম ফিফটি তুলে নেন বাঁহাতি ওপেনার সাদমান। মাত্র ২০.৪ ওভারে বাংলাদেশের ওপেনিং জুটিতে আসে একশ রান। এরপরই ৭২ বলে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি তুলে নেন মাহমুদুল হাসান জয়।

এর আগে ৮ উইকেটে ২৭০ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামা আয়রাল্যান্ড মাত্র ১৪ বল টিকতে পেরেছে। তাদের ইনিংস গুটিয়ে গেছে ২৮৬ রানে। ওপেনার পল স্টার্লিং ৬০ এবং তিনে নামা কেড কারমাইকেল করেছেন ৫৯ রান। বাংলাদেশের হয়ে ২৩ ওভারে মাত্র ৫০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া দুটি করে শিকার ধরেছেন হাসান মাহমুদ, তাইজুল ইসলাম এবং হাসান মুরাদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত