আজারবাইজান থেকে ফিরতি পথে জর্জিয়ার পূর্বাঞ্চলে বিধ্বস্ত হওয়া তুরস্কের মিলিটারি সি-১৩ কার্গো প্লেনের ২০ জন যাত্রী ই নিহত হয়েছেন। বুধবার (১২ নভেম্বর) এ খবর নিশ্চিত করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
প্লেনটি মঙ্গলবার বিকেলে পশ্চিম আজারবাইজানের গানজা বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছিল, তবে সীমান্ত অতিক্রমের কয়েক মুহূর্তের মধ্যে বিধ্বস্ত হয় । তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলার নিহত ২০ জনের ছবি নিজের সামাজিক মাধ্যমে দিয়ে শোকবার্তা জানিয়েছেন।
বিধ্বস্তের কারণ এখনও প্রকাশ করা হয়নি। তবে আজারবাইজানি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রত্যক্ষদর্শীর ভিডিওতে দেখা গেছে, বিমানটি অনুভূমিকভাবে ঘুরছে এবং চারপাশে ধ্বংসাবশেষ পড়ছে।
জর্জিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে সিঘনাঘি এলাকায় বিধ্বস্ত হয়। জর্জিয়ান এয়ার ট্র্যাফিক কন্ট্রোল জানিয়েছে, বিমানটি জর্জিয়ার আকাশসীমায় প্রবেশের পর রাডার থেকে অদৃশ্য হয়ে যায় এবং কোনো সঙ্কেত প্রেরণ করেনি।
