দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় সম্ভাব্য নাশকতা প্রতিরোধে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রির বন্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রশাসন। বুধবার (১২ নভেম্বর) রাত ৮টার দিকে পুলিশের একটি দলকে সঙ্গে নিয়ে শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাসেম।
অভিযানকালে অনুমোদনবিহীনভাবে খোলা বোতলে ডিজেল ও পেট্রোল বিক্রি করার অপরাধে অজিত পাল ও ধীরেন্দ্র ঘোষ নামে দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। একই সঙ্গে বিপুল পরিমাণ খালি বোতল, প্লাস্টিকের জার ও তেল বিক্রির সরঞ্জাম জব্দ করা হয়।
ইউএনও জানান, বাজারে খোলা বোতলে তেল বিক্রির কারণে অসাধু ব্যক্তিরা সহজেই তা ব্যবহার করে নাশকতা ঘটাতে পারে। যা জননিরাপত্তার জন্য বড় ঝুঁকি। তাই উপজেলা প্রশাসন এই ধরনের বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে এবং নিয়মিত নজরদারির আওতায় এনেছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদ উল্যা বলেন, হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের নির্দেশে আমরা সার্বক্ষণিক মাঠে আছি। প্রতিটি পুলিশ সদস্য দায়িত্বশীলভাবে কাজ করছে যাতে এলাকায় কোনো অপ্রত্যাশিত ঘটনা না ঘটে।
বোমা সরঞ্জামসহ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতা আটক