আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি ফুটবলের ইতিহাসে সর্বাধিক অ্যাসিস্ট করা ফুটবলার হিসেবে শীর্ষে উঠে এসেছেন। সম্প্রতি ইন্টার মিয়ামির হয়ে ন্যাশভিলকে ৪-০ গোলে হারানোর ম্যাচে তাদেও আলেন্দের গোলে অ্যাসিস্ট করে তিনি দারুণ একটি মাইলফলক স্পর্শ করেন। এটা ছিল তার ক্যারিয়ারের ৪০০তম অ্যাসিস্ট। কিন্তু সর্বাধিক অ্যাসিস্টে তার অবস্থান কোথায়?
মেসির এই রেকর্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছিল। বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে জানান, হাঙ্গেরির কিংবদন্তি পুসকাস আনুমানিক ৪০৪টি অ্যাসিস্ট করে শীর্ষে আছেন। তাই মেসি আছেন দ্বিতীয় স্থানে। কিন্তু পরিসংখ্যানবিদ সিলভিও মাভেরিনো এবং ইতিহাসবিদ ডেভিড সানচেজ প্রমাণ করেছেন, পুসকাসের অ্যাসিস্ট সংখ্যা আসলে ৩৬০। তাই এই রেকর্ডে মেসিই শীর্ষে।
১ হাজার ১৩৩টি ম্যাচে ৪০০ গোলে অ্যাসিস্ট করেছেন মেসি। এর মধ্যে বার্সেলোনার হয়ে ২৬৯টি, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ৬০টি, ইন্টার মিয়ামিতে ৩৭টি এবং প্যারিস সেন্ট জার্মেইনে ৩৪টি গোলে তিনি সহায়তা করেছেন। মেসির পর দ্বিতীয় স্থানে আছেন ব্রাজিল কিংবদন্তি পেলে। তিনি বর্ণাঢ্য ক্যারিয়ারে ৩৭০টি অ্যাসিস্ট করেছেন। পুসকাস নেমে গেছেন তিন নম্বরে।
মেসির পেছনে আরও আছেন জোহান ক্রুইফ, আলেক্স ডি সুজা, দুসান টাদিচ ও কেভিন ডে ব্রুইনে। তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো আছেন অনেকটাই পিছিয়ে। সর্বোচ্চ অ্যাসিস্টের তালিকায় পর্তুগিজ মহাতারকার অবস্থান ১৪ নম্বরে। তিনি ১ হাজার ২৯৬টি ম্যাচে ২৫৯টি অ্যাসিস্ট করেছেন। গড় হিসেব করলে প্রতি পাঁচ ম্যাচে তিনি মাত্র একটি অ্যাসিস্ট করছেন।
আর্জেন্টিনায় নতুন বাড়ি; স্বপ্ন সত্যি হলো মার্তিনেজ দম্পতির
রোনালদোর দেশ থেকে অর্জিত স্বাধীনতার ৫০ বছরে বিশেষ অতিথি মেসি
মেসির বার্সেলোনা সফরের অজানা গল্প শোনালেন ডি পল