ভারতের বিপক্ষে ফাইনালে রূপা জিতলেন বন্যা-হিমু

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০১:৫০ পিএম

এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপসের কম্পাউন্ড মিশ্র দ্বৈতের ফাইনালে রুপা জিতেছে বাংলাদেশ।  ভারতের দ্বীপশিখা-অভিষেক ভার্মা জুটির বিপক্ষে ১৫৩-১৫১ স্কোরে (৩৫-৩৯, ৩৯-৩৮, ৩৯-৩৮, ৩৮-৩৮) হেরে রুপা জিতেছেন বন্যা আক্তার-হিমু বাছাড় জুটি।

এশিয়ান আর্চারির সর্বোচ্চ আসরে কম্পাউন্ড ইভেন্ট থেকে এই প্রথম পদক পেল বাংলাদেশ। রিকার্ভ ও কম্পাউন্ড মিলিয়ে রুপা হলো দুটি। ২০২১ সালে রিকার্ভ মিশ্র দ্বৈত থেকে বাংলাদেশকে প্রথম রুপা পেয়েছিল বাংলাদেশ। এশিয়ান আর্চারির সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে বাংলাদেশের পদক হলো ৪টি। ২০২১ সালে জেতা তিন পদকের মধ্যে ছিল রিকার্ভ পুরুষ ও মহিলা বিভাগের ব্রোঞ্জ।

পদক জিতে বন্যা আক্তার বলেন, ‘আলহামদুলিল্লাহ। এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপসের কম্পাউন্ড ইভেন্ট থেকে দেশকে এই প্রথম পদক এনে দিতে পেরেছি, ভালো লাগছে। স্বর্ণপদক হাতছাড়া হয়েছে…আসলে আমরা চেষ্টা করেছি, এখানে ভাগ্যেরও ব্যাপার থাকে। ভাগ্যে আজ আমাদের পাশে ছিল না। শুরুতে আমরা একটু খারাপ করেছি, পরে চেষ্টা করলেও পারিনি।’

হিমু বাছাড় বলেন, ‘এই প্রথম আমি এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপসে খেললাম। আমি আসলে ওইরকম নার্ভাস ছিলাম না। আমার অভিজ্ঞতা একটু কম, শুরুতেই তাই একটু খারাপ হয়ে গেছে। তবে এশিয়ান আর্চারিতে আমরা এই প্রথম দেশকে পদক এনে দিতে পারলাম, এটা আমাদের সামনের পথচলায় আত্মবিশ্বাস যোগাবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত