পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো জানালেন, আয়ারল্যান্ডের বিপক্ষে আজকের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে দর্শকদের বাঁশির ধ্বনির মুখেও ‘ভালো ছেলে’ হয়ে থাকবেন তিনি। ডাবলিনের অ্যাভিভা স্টেডিয়ামে রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবে পর্তুগাল। ম্যাচটি জিতলেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে রোনালদোর দল।
বুধবার সংবাদ সম্মেলনে রোনালদো বলেন, “আমি এখানে দর্শকদের খুব পছন্দ করি। তারা নিজেদের দলকে যেভাবে সমর্থন দেয়, সেটা দারুণ। আবারও এখানে এসে খেলতে পারাটা আনন্দের। অবশ্যই কাল কঠিন ম্যাচ হবে। আশা করি, তারা আমাকে খুব বেশি বোয় করবে না। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি ভালো ছেলে হয়ে থাকার চেষ্টা করব। তবে নিজের কাজ তো করতে হবেই—দলকে জেতানো, গোল করা।”
এর আগে লিসবনে আয়োজিত প্রথম লেগে আয়ারল্যান্ডের বিপক্ষে রোনালদো গোলশূন্য ছিলেন। কাওইমিন কেলেহারের হাতে তার একটি পেনাল্টি ঠেকিয়ে দেওয়ার পর ম্যাচের যোগ করা সময়ে রুবেন নেভেস জয়সূচক গোল করার পর প্রতিপক্ষ ডিফেন্ডার জ্যাক ও’ব্রায়েনের মুখের ওপর উদ্যাপন করেছিলেন রোনালদো। আইরিশ সমর্থকেরা নিশ্চয়ই রোনালদোর সেই উদ্যাপন ভুলে যাননি। তাই এভিভা স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত ১টা ৪৫ মিনিটে শুরু হতে যাওয়া এ ম্যাচে আইরিশ সমর্থকদের কাছ থেকে দুয়ো শোনার প্রস্তুতি নিয়েই রেখেছেন রোনালদো।
সে ম্যাচে রোনালদোর বিরুদ্ধে আরো অভিযোগ ছিল—রেফারির ওপর তিনি নাকি অযথা প্রভাব খাটিয়েছিলেন। তবে রোনালদো বিষয়টি উড়িয়ে দিয়ে বলেন, “এটা স্বাভাবিক। তারা জানে যদি তারা হারে তাহলে ছিটকে পড়বে। তাই নানা কৌশল অবলম্বন করবে। কিন্তু আমরা কঠিন ম্যাচের জন্য প্রস্তুত। আমি মনে করি, আগের ম্যাচের মতোই হবে লড়াই। আয়ারল্যান্ড ভালো দল, তবে আমরা জেতার জন্যই নামব।”
রোনালদো আরও বলেন, “আমাকে দর্শকরা দুয়ো দিবে স্বাভাবিক, তবে আমি অভ্যস্ত। বরং আমি চাই তারা আমাকে দুয়ো দিক, তাহলে হয়তো আমার সতীর্থদের ওপর চাপ কিছুটা কমে যাবে।”'
এদিকে, আয়ারল্যান্ডের কোচ হেইমির হালগ্রিমসন আশা করছেন, এবার রেফারি যেন রোনালদোর প্রভাবমুক্ত থাকেন। লিসবনে প্রথম লেগে ম্যাচ পরিচালনা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন, কারণ তার মতে, রেফারি তখন পর্তুগালের প্রতি “অতিরিক্ত শ্রদ্ধা” দেখিয়েছিলেন।
হালগ্রিমসন বলেন, “পূর্বের ম্যাচে রোনালদো শুধু রেফারিকেই নয়, পুরো স্টেডিয়ামকেও নিয়ন্ত্রণ করছিলেন। দর্শকরা তার প্রতিটি আচরণে সমর্থন দিচ্ছিল, আর রেফারি যেন তার সঙ্গে খেলায় অংশ নিচ্ছিলেন। আশা করি, এবার অ্যাভিভায় ঠিক উল্টোটা হবে।”
তিনি আরও যোগ করেন, “রেফারির কাজ রেফারিং করা, খেলোয়াড়দের নয়। আশা করি, এবার সিদ্ধান্তগুলো মাঠের খেলায় নিরপেক্ষভাবে আসবে।”
বিশ্বকাপ ফাইনালে ১০০০তম গোল করবে রোনালদো!
৪০ বছর বয়সী এই ফুটবল তারকা এখন সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন। তার ক্যারিয়ারে মোট ৯৫৩টি গোল রয়েছে, যার মধ্যে জাতীয় দলের হয়ে ১৪৩টি। তিনি বর্তমানে পুরুষ ফুটবলে সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা।
আগেই ঘোষণা দিয়েছেন, ২০২৬ বিশ্বকাপই হবে তার শেষ আসর। তবে ভবিষ্যৎ নিয়ে এখনই বেশি কিছু বলতে চান না রোনালদো। “এখন এসব নিয়ে কথা বলার সময় নয়,” বলেন তিনি। “এখন আমাদের লক্ষ্য শুধু বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা। ভবিষ্যৎ নিয়ে পরে আরও খোলামেলা আলোচনা করব।”
একইসঙ্গে সাংবাদিকদের রোনালদো হেসে বলেন, “অনেকে ভাবছে আমি নাকি বিশ্বকাপ ফাইনালে ১০০০তম গোল করব! সিনেমায় এমন হতে পারে, বাস্তবে নয়। আমি খুশি এতদূর আসতে পেরে, কিন্তু এখন এক ধাপ এক ধাপ করে এগোতে চাই।”
লেভানডফস্কির বিকল্প হিসেবে হ্যারি কেইনের ওপর নজর বার্সার