বান্দরবানে থানচি উপজেলার পর্যটন কেন্দ্র নাফাখুম জলপ্রপাতে গোসল করতে নেমে ইকবাল হোসেন নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে এতথ্য নিশ্চিত করছেন থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে পর্যটক নিখোঁজের ঘটনা ঘটে।
নিখোঁজ ইকবাল হোসেন (২৪) ঢাকার ডেমরা থানার সারুলিয়া ইউনিয়নের রসুলনগর গ্রামের বাসিন্দা।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল্লাহ আল-ফয়সাল জানান, শুক্রবার সকালে আলীকদম ও তিন্দু হয়ে ইকবালসহ ১৭ জন নাফাখুমে গিয়েছিলেন। সারা দিন থাকার পর বিকেল পাঁচটার দিকে তারা সবাই ঝরনায় গোসলে নামেন। একপর্যায়ে ইকবাল ঝরনার পানিতে তলিয়ে নিখোঁজ হন। তাকে উদ্ধারের প্রচেষ্টা চলছে।
প্রশাসন কেবল তিন্দু বড় পাথর পর্যন্ত পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করছে। রেমাক্রি ও নাফাখুমে ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে। ভ্রমণে নিষেধাজ্ঞা থাকার পরও তারা কীভাবে সেখানে গেলেন। এবিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
ওসি নাছির উদ্দিন বলেন, শনিবার দুপুরের দিকে তাদের দলের কয়েকজন সদস্য থানায় নিখোঁজ ডায়েরি করতে আসে। তাদের ভাষ্য, শুক্রবার থানচির ২১ কিলো এলাকা দিয়ে গাইড ছাড়া এবং নিবন্ধন না করে ১৭ জনের একটি দল নাফাখুমে চলে যান। সেখানে গোসল করতে নেমে একজন নিখোঁজ হন। এ ঘটনার জানার পর সেখানে বিজিবি একটা দল গেছে। ফায়ার সার্ভিসকেও জানানো হয়েছে। এখানকার ফায়ার সার্ভিসের কোনো ডুবুরি নাই। চট্টগ্রামে থেকে নিয়ে আসতে হয়। সেখানে খবর দেওয়া হয়েছে।
