ব্রাজিল—বিশ্ব ফুটবলে যাদের নাম শুনলেই প্রতিপক্ষের বুক কাঁপে। কিন্তু সেনেগালের সামনে এসে সেই ব্রাজিলই যেন হঠাৎ ছোট হয়ে যায়। ইতিহাস তাই বলছে। এখন পর্যন্ত কখনোই আফ্রিকার সিংহদের হারাতে পারেনি সেলেসাওরা।
২০১৯ সালে সিঙ্গাপুরে প্রথম দেখায় ম্যাচ শেষ হয়েছিল ১-১ ড্রয়ে। এরপর ২০২৩ সালের লিসবনে তো ইতিহাসই বদলে দেয় সেনেগাল—সাদিও মানের দুর্দান্ত ডাবলের দিনে ব্রাজিলকে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছিল তারা।
লিসবনের ম্যাচে শুরুটা কিন্তু ব্রাজিলই করেছিল ভালোভাবে। লুকাস পাকেতা প্রথমার্ধে এগিয়ে দিয়েছিলেন দলকে। ভিনিসিয়ুস জুনিয়রের মাধ্যমে একবার পেনাল্টিও পেয়ে গিয়েছিল ব্রাজিল, তবে ভার-এ অফসাইড ধরা পড়ে তা বাতিল হয়ে যায়।
তার ঠিক পরেই তাল হারায় ব্রাজিল। ডি-বক্সে ঢুকে পড়া এক ক্রসে ডিফেন্স ক্লিয়ার করতে ব্যর্থ হয়, আর হাবিব দিয়ালোর ভয়ংকর ভলিতে সমতায় ফেরে সেনেগাল (২২’)। বিরতির পর আরও ভয়ঙ্কর হয়ে ওঠে বর্তমান আফ্রিকান চ্যাম্পিয়নরা। তিন মিনিটের ব্যবধানে দুই গোল—প্রথমে মারকিনহোসের আত্মঘাতি, এরপর মানের দুর্দান্ত কার্লিং শট। ৩-১! মারকিনহোস একটি গোল শোধ করলেও শেষমেশ কাজ হয়নি। নিকোলাস জ্যাকসনকে ফাউল করে পেনাল্টি দেন এডেরসন, আর সেই স্পট-কিক থেকে মানে চতুর্থ গোলটি করেন। ৪-২–এ যেন হতবাক এক ব্রাজিল!
কদিন আগে জাপানে এক প্রীতি ম্যাচে এগিয়ে গিয়েও হেরে যায় ব্রাজিল। আজ লন্ডনে আর্সেনালের স্টেডিয়ামে প্রীতি ম্যাচে সাদিও মানেহীন সেনেগালকে কি হারাতে পারবে ব্রাজিল- এমন প্রশ্ন দেখা দিয়েছে।
'অস্ট্রেলিয়ান' রায়ান উইলিয়ামসকে নিয়েই ভারত আসছে বাংলাদেশে 