অস্ট্রেলিয়ার প্রবাসী ফুটবলার রায়ান উইলিয়ামসকে দলে নিয়েই রাতে বাংলাদেশ এসেছে ভারত।
এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে ঢাকার জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। এই ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। তবে তাদের স্কোয়াড এখন মূলত ২২ জনের। কারণ এখনও ফিফার কাছ থেকে ভারতের হয়ে খেলার জন্য অনাপত্তিপত্র পাননি রায়ান উইলিয়ামস। বাংলাদেশের বিপক্ষে তাকে খেলানোর জন্য এরই মধ্যে আবেদন করে রেখেছে ভারত।
আগামী ১৭ নভেম্বরের মধ্যে অনাপত্তিপত্র পেলে ২৩তম সদস্য হিসেবে স্কোয়াডে ঢুকে যাবেন রায়ান। নয়তো আরও দীর্ঘায়িত হবে তার ভারত অভিষেকের অপেক্ষা। এরই মধ্যে গত বৃহস্পতিবার ভুটানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ অবশ্য খেলেছেন রায়ান।
জন্মসূত্রে অস্ট্রেলিয়ান হলেও, মায়ের দিক ভারতের নাগরিকত্ব আছে উইলিয়ামসের। আবার বাবার দিক থেকে ইংল্যান্ড ও ওয়েলসের হয়ে খেলার পথও খোলা ছিল তার। তবে অস্ট্রেলিয়ার হয়ে খেলার সিদ্ধান্তই নেন তিনি।
২০১৯ সালে অস্ট্রেলিয়ার জার্সিতে অভিষেক হয় ইংল্যান্ডের ক্লাব পোর্টসমাউথ, ফুলহ্যামের হয়ে খেলার অভিজ্ঞতা থাকা রায়ানের। তবে এরপর আর জাতীয় দলে সুযোগ হয়নি তার। তাই পরে ভারতের হয়ে খেলার সিদ্ধান্ত নেন।
২০২৫ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার পাসপোর্ট ছেড়ে দিয়ে ভারতের নাগরিকত্ব নেন রায়ান। তবে এখন ফিফার অনাপত্তিপত্র পাওয়ার অপেক্ষায় আছেন তিনি। সেটি পেলে মঙ্গলবারের ম্যাচে ভারতীয় দলেও দেখা যাবে এক প্রবাসী ফুটবলার।
বাছাই পেরিয়ে অবশ্য মূল পর্বে খেলার কোনো সম্ভাবনা বাকি নেই ভারত বা বাংলাদেশের। চার ম্যাচ খেলে দুই দলই পেয়েছে মাত্র ২টি করে পয়েন্ট। গোল ব্যবধানে পিছিয়ে থাকায় 'সি' গ্রুপের পয়েন্ট টেবিলে সবার নিচে ভারত।
বাংলাদেশ সফরে ভারত স্কোয়াড
গোলকিপার: গুরপ্রীত সিং সান্ধু, ঋত্বিক তিওয়ারি, সাহিল
ডিফেন্ডার: আকাশ মিশ্র, অনোয়ার আলি, বিকাশ ইউমনাম, হমিংথানমাওইয়া রালতে, জয় গুপ্ত, প্রমবীর, রাহুল ভেক, সন্দেশ ঝিঙ্গান
মিডফিল্ডার: ব্রিসন ফার্নান্দেজ, লালরেমত্লুয়াংগা ফানাই, ম্যাকার্টন লুইস নিকসন, মহেশ সিং নাওরেম, নিখিল প্রভু, সুরেশ সিং ওয়াংজাম
ফরোয়ার্ড: এডমুন্ড লালরিন্দিকা, লালিয়ানজুয়ালা চ্যাংতে, মোহাম্মদ সানান, রহিম আলি, বিক্রম প্রতাপ সিং, রায়ান উইলিয়ামস
আর্জেন্টিনার কাছে ৭ গোল খাওয়া সবচেয়ে ছোট দেশটি বিশ্বকাপ খেলার দ্বারপ্রান্তে