প্রাথমিক শিক্ষার উন্নতি না হলে মেধার বিকাশ ঘটবে না: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ০৮:২৭ পিএম

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন,‘বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পাশ করতে পারে না এমন জিপিএ–৫ এর প্রয়োজন নেই। প্রাথমিক শিক্ষার উন্নতি না হলে জাতীয় জীবনে মানসম্পন্ন মেধার বিকাশ ঘটবে না। শিশুদের সুস্বাস্থ্য ও পুষ্টির ঘাটতি থাকলে পড়াশোনায় মন বসে না। টিফিনের প্রতি আগ্রহই শিশুদের স্কুলমুখী করবে।’

শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জাতীয়ভাবে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উদ্বোধনী পর্ব শেষে তিনি শিক্ষার্থীদের হাতে স্কুলব্যাগ, টিফিন বক্স, টিফিন ও পানির পট তুলে দেন। উপদেষ্টা ডা. রায় পোদ্দার বলেন, ‘লেখাপড়া মানসিক শক্তি আর পুষ্টি শারীরিক শক্তির বিকাশ ঘটায়। প্রত্যেক শিশুর মাঝে লুকিয়ে থাকা প্রতিভার বিকাশ ঘটে স্কুলের মাধ্যমে। শিশুদের সমাজের সম্পদ হিসেবে গড়ে তুলতেই সরকার স্কুল ফিডিংয়ের উদ্যোগ নিয়েছে।’

তিনি আরও বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিশুদের সামাজিক যোগাযোগ বৃদ্ধি করে।

অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মো. শামসুজ্জোমান সভাপতিত্ব করেন। বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, স্কুলফিডিং প্রকল্পের মহাপরিচালক মো. হারুন অর রশীদ, অতিরিক্ত মহাপরিচালক আতিকুর রহমান, বিশ্ব খাদ্য কর্মসূচির কান্ট্রি ডিরেক্টর ডমিনিকো স্ক্যালপেলি, রাজশাহী বিভাগীয় উপপরিচালক মো. সানাউল্লাহ, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আরিফ হোসেন, গুরুদাসপুর ইউএনও ফাহমিদা আফরোজ, প্রধান শিক্ষক রিনা রানী সরকার এবং শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা ও আফরিন শরীফ।

৩১ লাখের বেশি শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাদ্য 

জানা যায়, সারাদেশের ১৫০টি উপজেলার ১৯ হাজার ৪১৯টি বিদ্যালয়ের ৩১ লাখ ১৩ হাজার শিক্ষার্থীকে সপ্তাহে পাঁচ দিন স্কুলে ফর্টিফাইড বিস্কুট, ডিম, কলা/মৌসুমী ফল, বান ও ইউএইচটি দুধ সরবরাহ করা হবে। দুই বছর মেয়াদি এ প্রকল্প বাস্তবায়ন করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। পর্যায়ক্রমে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় এ কর্মসূচির আওতায় আসবে।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত, গীতাপাঠ, শপথ গ্রহণ, পতাকা উত্তোলন ও ফানুস উড়িয়ে অভিবাদন গ্রহণ করেন প্রধান অতিথি। পরে দুপুরে গুরুদাসপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। সভায় বিভিন্ন স্কুলের শিক্ষক, কর্মকর্তা ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত