উগান্ডাকে সহজ হারানোর মধ্য দিয়ে নারী কাবাডি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। সোমবার বিকেলে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর প্রথমার্ধে অল্প ব্যবধানে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে অতিথিদের পাত্তাই দেয়নি কোচ মালেকা পারভীনের শিষ্যরা, জিতেছে ৪২-২২ পয়েন্ট ব্যবধানে।
টসে জিতে ম্যাচের প্রথম আক্রমণে ওঠে বাংলাদেশ, দ্বিতীয় রেইডে পয়েন্ট এনে দেন অধিনায়ক রূপালি আক্তার। উগান্ডার প্রথম আক্রমণ থেকে বাংলাদেশ বোনাস পয়েন্ট আদায় করে নেয়। প্রথমার্ধের প্রথম ১০ মিনিট পর্যন্ত পয়েন্টে এগিয়ে ছিল স্বাগতিকরা। পরে উগান্ডা ১২ পয়েন্টে সমতায় আসে। প্রথমার্ধে বাংলাদেশের পয়েন্ট ১৪, উগান্ডার পয়েন্ট ছিল ১২।
দ্বিতীয়ার্ধের শুরুতে পয়েন্ট আরও বাড়িয়ে নেয় রূপালির দল। দ্বিতীয়ার্ধের মাঝামাঝিতে এক লোনা আদায় করে নেয় বাংলাদেশ। এসময় লাল-সবুজদের পয়েন্ট দাঁড়ায় ২৮-১৭।
দ্বিতীয়ার্ধের ১২ মিনিটে আরও এক লোনা আদায় করে নেয় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে উগান্ডা আর ম্যাচে ফিরতে পারেনি।
ম্যাচ সেরা স্মৃতি আক্তার বলেন, 'শুরুতে আমরা কিছুটা চাপ অনুভব করছিলাম। যেহেতু কখনোই আমরা উগান্ডার সাথে খেলিনি, এই প্রথমবার খেলছি। ওদের ম্যাচটা আমাদের বুঝতে একটু সময় লেগেছে। এর জন্য শুরুতে একটু অগোছালো মনে হয়েছে। ওদের বুঝে নেওয়ার পরে আমরা অনেক ভালো খেলেছি। অনেক ভালো লাগছে, মানে বলার বাইরে কতটুকু ভালো লাগছে। জয় পেয়েছি। পরবর্তীতে চেষ্টা থাকবে যে প্রথম ম্যাচে যেহেতু জিতেছি, পরের গুলোও ইনশাআল্লাহ জিতবো। এটা আমার প্রথম বিশ্বকাপ। আমার খেলে অনেক আনন্দ লাগছে যে, দেশের প্রতিনিধিত্ব করতে পারছি। আরও চেষ্টা করব। আমরা সবাই মিলে বাংলাদেশকে পদক এনে দেবো।'
মঙ্গলবার বিকেল পাঁচটায় ‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে জার্মানির।
বিশ্বকাপে মোট ১১ দেশ অংশ নিচ্ছে। স্বাগতিক বাংলাদেশ ও উগান্ডা ছাড়াও আছে ২০১২ সালের প্রথম আসরের দুই ফাইনালিষ্ট ভারত ও ইরান এবং চাইনিজ তাইপে, জার্মানি, কেনিয়া, নেপাল, পোল্যান্ড, থাইল্যান্ড, ও জাঞ্জিবার।
