বরিশালের মেহেন্দিগঞ্জে সাদেকপুর গ্রামের পরিত্যক্ত শৌচাগার থেকে জীবিত এক নবজাতককে উদ্ধার করেছে স্থানীয়রা। সোমবার (১৭ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে স্থানীয় বাসিন্দা মতিন হাওলাদার নবজাতটিকে উদ্ধার করেন।
মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি মো. ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হয়ে মসজিদের পথে ছিলেন মতিন হাওলাদার। এ সময় রাস্তার পাশে থাকা একটি পরিত্যক্ত শৌচাগার থেকে কান্নার শব্দ শুনে তিনি এগিয়ে যান। সেখানে কাঁথায় মোড়ানো অবস্থায় পড়ে থাকা নবজাতককে দেখতে পান তিনি। তাৎক্ষণিক নবজাতকে তুলে নিয়ে নিজের হেফাজতে রাখেন এবং পরে থানা পুলিশকে খবর দেন।
ওসি বলেন, নবজাতকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে গভীর রাতে কেউ তাকে ফেলে রেখে গেছে। তার বয়স আনুমানিক দুই থেকে তিন দিন হবে। নবজাতকের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার দায়িত্ব নেবে উপজেলা প্রশাসন ও সমাজসেবা দপ্তর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের অনুমতি নিয়ে নবজাতকটিকে আপাতত মতিন হাওলাদারের জিম্মায় দেওয়া হয়েছে বলে জানান ওসি মো. ফখরুল ইসলাম।
শান্ত শহর খুলনা এখন খুনোখুনিতে অশান্ত 