জামালপুর ইয়াবাসহ আটক কৃষক দল নেতা বহিষ্কার

আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ০৩:৩৬ পিএম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ৫০০ পিস ইয়াবাসহ আটক কৃষক দলের নেতা মো. লিটন আক্তারকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে জামালপুর উপজেলা কৃষক দল।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকালে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা।

এর আগে গতকাল বুধবার (১৯ নভেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি পদে ছিলেন। তিনি ওই ইউনিয়নের লম্বাপাড়া গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে। 

ওইদিন সকালে উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী বাজার এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে ৫০০ পিস ইয়াবাসহ আটক হয় ওই কৃষক দলের নেতা। পরে মাদক মামলা দায়ের করে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

উপজেলা কৃষক দলের সভাপতি মো. রেজাউল করিম বাবলু এবং সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা সাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘দলীয় শৃঙ্খলা এবং দলের নীতি, আদর্শ পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য দেওয়ানগঞ্জ উপজেলাধীন চর আমখাওয়া ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি লিটন আক্তারকে প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হল।’

এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা বলেন, কৃষক দল একটি আদর্শভিত্তিক সংগঠন। শৃঙ্খলা ভঙ্গ বা অপরাধমূলক কাজে জড়িত কারও জন্য কোনও ধরনের ছাড় নেই। সংগঠনের ভাবমূর্তি রক্ষায় তাকে প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত