সাতক্ষীরা

চিংড়ি চাষের গবেষণা প্রকল্পের ফলাফল ও সমাপনী কর্মশালা অনুষ্ঠিত  

আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ০২:৫২ পিএম

সাতক্ষীরার এল্লারচরে নিবিড় পদ্ধতিতে চিংড়ি চাষের গবেষণা প্রকল্পের ফলাফল প্রদর্শনী ও সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) চিংড়ি চাষ প্রদর্শনী খামার ও প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে সকাল থেকে দুপুর পর্যন্ত  চলা এ কর্মশালায় গবেষণা প্রকল্পটির সার্বিক অগ্রগতি, মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় বক্তারা বলেন, বৈশ্বিক বাজারে গুণগত মানসম্পন্ন চিংড়ির চাহিদা এখনো অত্যন্ত বেশি। তাই নিবিড় পদ্ধতির আধুনিক চাষ ব্যবস্থাকে মাঠে বিস্তৃত করতে পারলে সাতক্ষীরা জেলার অর্থনীতি আরও গতিশীল হবে। পাশাপাশি জমির সর্বোচ্চ ব্যবহার, রোগ নিয়ন্ত্রণ, উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশসম্মত চাষ পদ্ধতি অনুসরণের মাধ্যমে উপকূলীয় অঞ্চলগুলোতে টেকসই চিংড়ি খাত গড়ে তোলা সম্ভব হবে।

আলোচনায় আশা প্রকাশ করেন চিংড়ি চাষিরা বলেন, সরকার ও উন্নয়ন সংস্থার সহযোগিতা বাড়লে তারা এই নতুন প্রযুক্তি দ্রুত শুরু করতে পারবেন। গবেষণা প্রকল্পের ইতিবাচক ফলাফলকে ভিত্তি করে দেশে নিবিড় পদ্ধতিতে চিংড়ি চাষের একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে বলেও মত দেন তারা।

সামগ্রিক আলোচনায় বক্তা ও অংশগ্রহণকারীরা একমত হন যে গবেষণা, উদ্ভাবন, প্রযুক্তি হস্তান্তর ও মাঠপর্যায়ের প্রশিক্ষণ সমন্বিতভাবে এগিয়ে নিতে পারলে বাংলাদেশ খুব অল্প সময়েই আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক চিংড়ি উৎপাদক দেশে পরিণত হবে। সাতক্ষীরার অভিজ্ঞতা দেশের অন্যান্য উপকূলীয় অঞ্চলগুলোর জন্য একটি মডেল হিসেবেও কাজ করবে বলে অভিমত প্রকাশ করেন তারা।

সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা জি এম সেলিম সভাপতিত্বে ও সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শফিকুল ইসলামের পরিচালনায় কর্মশালায়  প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তর খুলনা বিভাগের পরিচালক মো. জাহাঙ্গীর আলম। 

এছাড়া আলোচনা অংশ নেন মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগের উপ-পরিচালক বিপুল কুমার বসাক, সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের উপপ্রকল্প পরিচালক ড. মো. শরিফুল আজম, সহকারী প্রকল্প পরিচালক আ ন ম মুশফিক সালেহীন ও সিনিয়র সহকারী পরিচালক ফারহানা তাছলিমা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও প্রকল্পের মুখ্য গবেষক ড. মো. হাসান ফারুক ও সহকারী মুখ্য গবেষক ঢাবির অধ্যাপক ড. হাবিবুল্লাহ আল মামুন। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত