জয় দিয়ে এএফসি অনূর্ধ্ব–১৭ এশিয়ান কাপ ফুটবলের বাছাই শুরু করেছে বাংলাদেশ। চীনের টংলিয়াং লং স্টেডিয়ামে আজ নিজেদের প্রথম ম্যাচে পূর্ব তিমুরকে ৫-০ গোলে হারিয়েছে গোলাম রব্বানীর দল।
তিমুর লেস্তের প্রতিরোধের দেয়ালে চিড় ধরায় বাংলাদেশ ১১ মিনিটে। হেডে রিফাত কাজী এগিয়ে নেন দলকে। বিরতি আগে আরও দুই গোলে দেয় বাংলাদেশ। ২৮ মিনিটে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের ফ্রি কিকে মানিক ব্যবধান দ্বিগুণ করেন। ৪৩ মিনিটে জটলার ভেতর থেকে মানিকের শট খুঁজে পায় জাল। দ্বিতীয়ার্ধের শুরুতে আজাদের পাস ধরে বায়েজিদ বোস্তামি স্কোরলাইন করেন ৪-০। ম্যাচের শেষ দিকে আকাশ দূরপাল্লার শটে নিশ্চিত করেন বাংলাদেশের বড় ব্যবধানের জয়।
পূর্ব তিমুর ছাড়াও বাংলাদেশের গ্রুপে অন্য চার দল চীন, বাহরাইন, ব্রুনেই ও শ্রীলঙ্কা। সোমবার দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ব্রুনেই। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে আগামী বছর মে মাসে সৌদি আরবে এশিয়ান কাপে খেলতে পারবে বাংলাদেশ। ১৬ দল নিয়ে হবে এই প্রতিযোগিতা। এরই মধ্যে ৯ দল মূল পর্বে জায়গা করে নিয়েছে, বাকি ৭ দল বাছাইপর্ব থেকে যাবে।
এশিয়ান কাপে এখন পর্যন্ত অনূর্ধ্ব–১৭ পর্যায়ে দুবার আর অনূর্ধ্ব–১৬ পর্যায়ে চারবার অংশ নিয়েছে বাংলাদেশ। কোনোবারই গ্রুপপর্ব পেরোতে পারেনি। সর্বশেষ ২০০৬ সালে বাছাই পেরোলেও মূল পর্বে তিন ম্যাচের তিনটিতেই হেরেছে। ২০২০ সালে বাছাই হলেও করোনার কারণে মূল টুর্নামেন্ট হয়নি। ২০১৪ সালে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয় বাংলাদেশ।
বিস্ফোরক সেঞ্চুরিতে সৌম্য সরকারের ক্যারিয়ারসেরা ইনিংস