শেষ হলো স্বাগতিক বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা। সেমিফাইনালে শক্তিশালী চাইনিজ তাইপের কাছে হেরে ফাইনালের স্বপ্ন শেষ হয়ে যায় রূপালী আক্তার, শ্রাবনী মল্লিকদের। শুরুতে লড়াই করলেও শেষ দিকে চাইনিজ তাইপের গতি ও টেকনিকের সঙ্গে পেড়ে ওঠেনি থাইল্যন্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠে আসা বাংলাদেশ। ম্যাচটা শেষ হয়েছে ২৫-১৮ পয়েন্টে। ফাইনালের স্বপ্ন শেষ হয়ে গেলেও বাংলাদেশ এ আসর শেষ করেছে তৃতীয় হয়ে। অপর সেমিফাইনালে ভারত ৩৩-২১ ইরানকে হারায়। হারের ব্যবধান ইরানের বেশি বলেই বাংলাদেশ শেষ করেছে তিনে। ২০১২ সালে ভারতের পাটনায় হওয়া প্রথম নারী বিশ্বকাপে পঞ্চম হয়েছিল বাংলাদেশ। এবার নিজ আঙিনায় কেবল তৃতীয় হয়নি তারা, প্রথমবারের মতো বৈশ্বিক আসরে পদকও জিতেছে।
শুরুতেই পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। রবিবারই আন্তর্জাতিক কাবাডি থেকে অবসর নেওয়া বাংলাদেশ অধিনায়ক রূপালী গিয়েছিলেন প্রথম রেইড দিতে। তবে তাকে ধরে ফেলেন চাইনিজ তাইপের ডিফেন্ডাররা। পরে ট্যাকলে পয়েন্ট হারান স্মৃতি আক্তারও। ৩-০ তে তাইপে এগিয়ে যাওয়ার পর ম্যাচের তৃতীয় মিনিটে বোনাস পয়েন্ট নিয়ে খাতা খোলে বাংলাদেশ। ঘুরে দাঁড়াতে সময় নেয়নি তারা। অষ্টম মিনিটে শ্রাবণী মল্লিকের সফল রেইডে এগিয়েও গিয়েছিল ৫-৪ ব্যবধানে। তবে সেটা তারা ধরে রাখতে পারেনি। একটু তাড়াহুড়ো করতে গিয়ে নিয়মিতই তাইপেকে পয়েন্ট উপহার দিয়েছে। কখনও বোনাস পয়েন্ট, কখনো বা তাইপের দ্রুত গতির রেইডারদের ধরতে গিয়ে আত্মসমর্পণ করেছেন বাংলাদেশের মেয়েরা। তারপরও প্রথমার্ধ শেষে ভালোভাবেই ম্যাচে ছিল বাংলাদেশ। প্রথমার্ধে তাইপের লিড ছিল মাত্র এক পয়েন্টের, অর্থাৎ ৯-৮ পয়েন্টে শেষ হয়েছিল শুরুর অর্ধ্ব। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান ঘুঁচিয়ে ১০-৮ ব্যবধানে এগিয়েও গিয়েছিল বাংলাদেশ। তবে বুদ্ধিমত্তা ও গতিতে এগিয়ে থাকা তাইপে ম্যাচে ফিরতে সময় নেয়নি। বরং শেষ দিকে ব্যবধান বাড়িয়ে ম্যাচটা তারা জিতে নেয় ২৫-১৮ পয়েন্টে।
এর আগের প্রথম সেমিফাইনালে ইরানকে
সোমবার ফাইনালে চাইনিজ তাইপে মুখোমুখি হবে ২০১২ সালের নারী কাবাডি বিশ্বকাপের প্রথম আসরের চ্যাম্পিয়ন ভারতের। এবারের আসরের প্রথম সেমিফাইনালে ভারত বড় ব্যবধানে ইরানকে হারালেও খেলাটা ছিল উত্তেজনায় ঠাসা। বিশেষ করে ইরান ভীষণ আক্রমনাত্মক খেলে ভারতের কাজটা কঠিন করতে চেয়েছে। সর্বশেষ ২০১২ বিশ্বকাপের দুই ফাইনালিস্টের কাবাডি ম্যাটের রাইভালারি বেশ পুরানো। নিয়মিতই সেরার লড়াইয়ে মুখোমুখি হয়ে কখনো জয় পায় ভারত, কখনো বা ইরান। তবে বিশ্বকাপে ইরান এবারও ধরাশায়ী হয়েছে। ভারতের অভিজ্ঞতাই তাদের নিয়ে গেছে ফাইনালে। যেখানে তাদের জন্য শক্ত চ্যালেঞ্জ নিয়ে হাজির হবে চাইনিজ তাইপে।আজ বিকেল সাড়ে চারটায় শুরু হবে খেলা।
ম্যাচে হারলেও হতাশ নন বাংলাদেশের অলরাউন্ডার স্মৃতি আক্তার, আমরা অনেক ভালো লড়াই করেছি। চাইনিজ তাইপে ভালো দল। ওরা ইরানকে হারিয়েছে। আমাদের থেকেও ওরা ভালো। তারপরও আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। আমাদের জেতার লক্ষ্য ছিল তবে পারিনি। ওরা টেকনিক, গতি, মুভম্যান্টে আমাদের চেয়ে এগিয়ে।'
চাইনিজ তাইপে কোচ ডেভিড সাই বাংলাদেশের প্রশংসা করলেও দুর্বলতাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, 'বাংলাদেশ আজকে ভালো খেলেছে। তবে তাদের মধ্যে লড়াকু মানসিকতা কম দেখেছি। বিশেষ করে ডিফেন্সে ভালো করলেও রেইডে সেই লড়াকু মনোভাবটা দেখিনি।'
