নাটোরের বড়াইগ্রামে গোপন সংবাদের ভিত্তিতে দুই জাল টাকা কারবারীকে আটক করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় এনএসআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার বাহিমালি বাজার ও রহিমের বটতলা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০০ টাকার দুটি জাল নোট জব্দ করা হয়েছে।
আটকরা হলেন- উপজেলার রহিমের বটতলা মোড় এলাকার আব্দুর রহিম মোল্লার ছেলে শফিকুল ইসলাম মোল্লা ও বাহিমালি গ্রামের বয়েজ বাহাদুরের ছেলে ফারুক হোসেন (৪৫)।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র সুত্রে জানা যায়, আটকরা কিছুদিন যাবৎ জাল টাকার কারবার করে আসছিল। তারা বেসরকারি সংস্থা আভার দয়ারামপুর শাখার মাঠকর্মী ইমরান হোসেনের মাধ্যমে বিভিন্ন জায়গায় জাল টাকা সরবরাহ করতেন। পরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা-এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে পুলিশের একটি টিম তাদের দু’জনকে আটক করে। গ্রেপ্তাররা ওই এনজিও কর্মীর মাধ্যমে জাল টাকা ছড়ানোর বিষয়টি স্বীকার করেছেন।
এ ব্যাপারে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুমন চন্দ্র দাস বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, অভিযুক্তদের আটক করে থানায় পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।