কামিন্স–হ্যাজলউডকে নিয়ে সুখবর দিলেন অস্ট্রেলিয়া কোচ

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ০১:৪৭ পিএম

পার্থে অ্যাশেজের প্রথম টেস্ট জিতে ১–০ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। তবে প্রথম ম্যাচে ছিলেন না নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। স্ট্রেস ইনজুরিতে পড়ে সিরিজ শুরুর আগেই তিনি ছিটকে যান। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেন স্টিভ স্মিথ। ছিলেন না আরেক পেস তারকা জস হ্যাজেলউডও। আসন্ন ব্রিসবেন টেস্টে এই দুজনের খেলা নিয়ে চলছে নানারকমের জল্পনা।

সেই জল্পনার অবসান ঘটিয়ে অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেছেন, ‘কামিন্সের পুনর্বাসন প্রক্রিয়া প্রায় শেষের দিকে। ব্রিসবেন টেস্টের আগের দিনই তার খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এটি নিয়ে আমরা আলোচনা করব। এখনও কিছু বিষয় বাকি আছে, তবে তার রিকভারি খুবই ইতিবাচক ও প্রায় শেষের দিকে। সিদ্ধান্তটা ম্যাচের আগের দিন নেওয়া হতে পারে।’

ম্যাকডোনাল্ড আরও জানান, প্রথম টেস্টের চতুর্থ দিনে কামিন্সের নেটে বল করার কথা ছিল। ম্যাচ মাত্র দুই দিনে শেষ হওয়ায় সেই পরিকল্পনা পেছাতে হয়েছে। আগামী মঙ্গলবার তাকে নেটে বোলিং করানো হতে পারে। এছাড়া শেফিল্ড শিল্ডের শেষ রাউন্ডে হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয়ে অ্যাশেজ থেকে ছিটকে যাওয়া হ্যাজেলউডকে নিয়েও কথা বলেছেন ম্যাকডোনাল্ড। তার ভাষ্য, সিরিজের শেষদিকে এই পেসারকে পাওয়া যেতে পারে।

যদিও গুঞ্জন ছড়িয়েছিল যে, পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজের পুরোটাই খেলতে পারবেন না হ্যাজেলউড। সেই গুঞ্জন উড়িয়ে ম্যাকডোনাল্ড বলেন, ‘আমি মনে করি না সে পুরো সিরিজ থেকে ছিটকে গেছে। সে এখন পুনর্বাসনের প্রথম সপ্তাহে আছে। সময় যত গড়াবে, তার শারিরীক অবস্থা সম্পর্কে আমরা আরও ভালো ধারণা পাব। আমার বিশ্বাস, অ্যাশেজ সিরিজের কোনো এক পর্যায়ে তাকে আমরা দলে পাব।’

উল্লেখ্য, কামিন্স ও হ্যাজলউডের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার একাদশে জায়গা পান ব্রেন্ডান ডগেট এবং স্কট বোল্যান্ড। ডগেট অভিষেক ম্যাচেই ৫ উইকেট নিয়ে নজর কাড়েন। অন্যদিকে বোল্যান্ড ছিলেন অস্ট্রেলিয়ার সবচেয়ে ব্যয়বহুল বোলার, যদিও দুই দিনে শেষ হওয়া টেস্টে রাজত্ব করেছেন পেসাররাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত