বিয়ের আনন্দের মাঝে বিষাদ নেমে এলো বিশ্বকাপজয়ী স্মৃতি মান্ধানার জীবনে

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ০৩:৫২ পিএম

কয়দিন আগেই বিশ্বকাপ জিতেছেন। তারপরই দিয়েছেন বিয়ের ঘোষণা। দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে সংসার শুরুর প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু এর মাঝেই স্মৃতি মান্ধানার বাবা অসুস্থ হয়ে পড়লেন। তার হবু বর পলাশ মুচ্ছলও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, যদিও পরে তাকে ছেড়ে দেওয়া হয়। মূলতঃ বাবার অসুস্থতার কারণেই অনির্দিষ্টকালের জন্য স্মৃতি-পলাশের বিয়ে স্থগিত করা হয়েছে।

গতকাল ২৩ নভেম্বর ভারতের মহারাষ্ট্রের সাংলিতে সংগীত পরিচালক পালাশ মুচ্ছলকে বিয়ে করার কথা ছিল স্মৃতির। সব প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে থাকলেও অনুষ্ঠানের দিন সকালেই স্বাস্থ্যের অবনতি ঘটে স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানার। সকালের নাস্তা করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। শ্রীনিবাস মান্ধানার খুব আদরের মেয়ে স্মৃতি মান্ধানা।

স্মৃতি মান্ধানার ম্যানেজার তুহিন মিশ্র জানিয়েছেন, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী বাবার শারীরিক অবস্থা সম্পূর্ণ স্থিতিশীল না হওয়া পর্যন্ত বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না। ঘটনার পর স্মৃতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বিয়েসংক্রান্ত পোস্টটি সরিয়ে ফেলেছেন। কয়েক দিন আগেই সতীর্থ জেমিমা রদ্রিগেজ, শ্রেয়াঙ্কা পাতিল, রাধা যাদব ও অরুন্ধতী রেড্ডিকে নিয়ে একটি মজার ভিডিওর মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা করেছিলেন তিনি—যা এখন আর নেই।

অবশ্য ডিওয়াই পাতিল স্টেডিয়ামে পালাশ মুছ্ছলের স্মৃতিকে দেওয়া প্রস্তাবের ভিডিও এখনো তার সোশ্যাল অ্যাকাউন্টে দৃশ্যমান আছে। গত কয়েক দিনে যুগলের বেশ কিছু প্রাক-বিবাহ আয়োজন—হলদি, মেহেদি, এমনকি বর–কনের দল ভাগ করে মজার ক্রিকেট ম্যাচ—সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তুহিন মিশ্র আরও বলেছেন, ‘স্মৃতি তার বাবার খুব আদরের। তাই তার সুস্থতা নিশ্চিত না হওয়া পর্যন্ত বিয়ের অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত