বর্ষাপাড়া স্টেডিয়ামে ভারতের বিপক্ষে দ্বিতীয় ও সিরিজের শেষ টেস্টে একচ্ছত্র আধিপত্য দেখাচ্ছে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় দিন শেষে প্রোটিয়াদের লিড ৩১৪ রান। দিনের নায়ক মারকো ইয়ানসেন ছয় উইকেট তুলে নিলেও আলো কাড়লেন এইডেন মার্করাম—এক ইনিংসে পাঁচ ক্যাচ ধরে টেস্ট ইতিহাসে বিশ্ব রেকর্ডের সমকক্ষতা অর্জন করলেন তিনি।
ভারতের প্রথম ইনিংসে ২০১ রানে গুটিয়ে যাওয়ার পথে মার্করামের হাতে আসে পাঁচটি ক্যাচ—কে. এল. রাহুল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব এবং নিতিশ কুমার রেড্ডি। রেড্ডির ক্যাচটি ছিল চোখ জুড়ানো—পয়েন্টে ডানদিকে ঝাপিয়ে উড়ন্ত অবস্থা এক হাতে বল ধরে ফেলেন তিনি। এ নিয়ে টেস্টে এক ইনিংসে পাঁচ ক্যাচ ধরা ১৬তম ক্রিকেটার মার্করাম। দক্ষিণ আফ্রিকার হয়ে এর আগে কেবল গ্রায়েম স্মিথ (২০১২, পার্থ) এই কীর্তি গড়েছিলেন। এই তালিকায় একমাত্র স্টিভ স্মিথই দুইবার পাঁচ ক্যাচ নিয়েছেন।
ইয়ানসেনের বাউন্সারে ভারত বিধ্বস্ত
৪৮৯ রানের জবাবে দিনের শুরুতে জয়সওয়াল (৫৮) ও রাহুল (২২) ৬৫ রানের জুটি গড়ায় ভারত খুব ভালোই এগোচ্ছিল। কিন্তু ইয়ানসেনের গতি ও বাউন্সে ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ। ৯৫/১ থেকে ৬৭ বলের ব্যবধানে ভারত নেমে আসে ১২২/৭। এরপর ওয়াশিংটন সুন্দর (৪৮) এবং কুলদীপ যাদব (১৯) কিছুটা প্রতিরোধ গড়লেও ইয়ানসেনের ৬ উইকেট ইনিংসটা শেষ করে দেয়। ইয়ানসেন পরে বলেন, “উইকেটে গতি-বাউন্স ছিল, আমরা সেটা কাজে লাগাতে চেয়েছি। স্পিনাররাও দারুণ সহায়তা করেছে।”
দিন শেষে ওপেনারদের ২৬ রানে দক্ষিণ আফ্রিকার লিড বেড়ে দাড়ায় ৩১৪।
