জাতীয় নির্বাচনের আগে খেলোয়াড়দের নিয়ে সংসদ সদস্য প্রার্থীদের পক্ষে প্রচারের রীতি বাংলাদেশে আগে থেকেই আছে। তবে এবার সেই দৃশ্য দেখা যাবে না। খেলোয়াড়দের নির্বাচনি প্রচারণায় ব্যবহার করার বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
সোমবার উপসচিব আমিনুল এহসানের স্বাক্ষর করা এক বিবৃতিতে ক্রীড়া পরিষদ জানায়, জাতীয় দলের কোনো খেলোয়াড় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো রাজনৈতিক দলের নির্বাচনি প্রচারণায় বা কোনো প্রার্থীর পক্ষে প্রচারে ব্যবহার করা যাবে না; খেলোয়াড়দের কোনো নির্বাচনি সভার মঞ্চে বা প্রচারণামূলক কার্যক্রমে উপস্থিত হওয়া থেকে বিরত থাকতে হবে; সব খেলোয়াড়কে তাদের ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে দেশের সুনাম অক্ষুণ্ন রাখতে ব্যক্তিগতভাবে সচেষ্ট থাকতে হবে এবং এই বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে।
বিবৃতিতে আরও জানানো হয়, নির্দেশনাসমূহের ব্যত্যয় দেশে চলমান সুস্থ ধারার ক্রীড়া পরিবেশকে মারাত্মকভাবে কলুষিত করতে পারে। তাই দেশের সার্বিক কল্যাণে নির্দেশনাসমূহ যথাযথভাবে পরিপালন করার অনুরোধ করা হলো।
২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিচ্ছে নির্বাচনের।
সাবিনাদের নিয়ে প্রশ্ন করতেই মানা করে দিলেন বাটলার
২৪ ঘণ্টায় যে কারণে টাইটেল স্পনসর পাল্টালো বাফুফে