চাঁদা না দেয়ায় যুবদল কর্মীর হাতে বিএনপি কর্মী খুন

আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০৩:১৩ পিএম

লক্ষ্মীপুরের রামগঞ্জে দাবিকৃত দুই লাখ টাকা চাঁদা না দেয়ার জের ধরে আনোয়ার হোসেন (৪৫) নামে এক বিএনপি কর্মীকে দেশীয় অস্ত্র দিয়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে যুবদল কর্মী মো. ইউসুফ হোসেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার ভোলাকোট ইউনিয়নের সাহারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। হত্যাকান্ডে শিকার আনোয়ার হোসেন সাহারপাড়া এলাকার মজিবুল হকের ছেলে ও বিএনপি কর্মী। হত্যাকারী মো. ইউসুফ হোসেন এরশাদ মিয়ার ছোট ছেলে ও যুবদল কর্মী বলে জানিয়েছে ইউনিয়ন বিএনপির সভাপতি।

আনোয়ারের স্ত্রী ফারজানা আক্তার সাথী ও নিকটাত্মীয়রা জানান, আনোয়ার হোসেন তার শ্যালককে বিদেশ পাঠানোর জন্য একটি সংস্থা থেকে দুইলাখ নেন। এ খবর জানতে পেরে ইউনিয়ন যুবদল কর্মী মো. ইউসুফ হোসেনসহ আরো তিনজন তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। গত দুই তিনদিন থেকে কয়েকবার আনোয়ারের দোকানে এসে হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে।

মঙ্গলবার সকাল ৭টায় একটি মোটরসাইকেলে করে ইউসুফ ও আরো দুইজন দোকানে ঢুকে আনোয়ার হোসেনকে এলোপাতাড়ি চুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে গুরুতর আহত অবস্থায় আনোয়ার হোসেনকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোলাকোর্ট ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রহিম মজুমদার জানান, হত্যাকারী মো. ইউসুফ হোসেন যুবদল ও হত্যাকান্ডের শিকার আনোয়ার হোসেন বিএনপির কর্মী রাজনীতির সাথে জড়িত থাকলেও তারা বড় কোন পদে নাই।

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক আমির ফয়সাল জানান, নিহত আনোয়ার হোসেনের বুকে ও পেটে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারনে তার মৃত্যু হয়।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল বারী জানান, তর্কাতকির এক পর্যায়ে আনোয়ার হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার কারনেই তার মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যাকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত